নিষ্ক্রিয় করা হয়েছে টঙ্গী থেকে উদ্ধার ১০ ককটেল

গাজীপুরের টঙ্গী এলাকা থেকে ১০টি ককটেল ও দুটি ব্যানার উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে টঙ্গীর গুটিয়ার আন্ধারুল এলাকায় এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। পরে উদ্ধার হওয়া ককটেলগুলো ঘটনাস্থলে এসে নিষ্ক্রিয় করে বোম্ব ডিসপোজাল টিম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টঙ্গী পশ্চিম থানাধীন গুটিয়ার আন্ধারুল এলাকায় একটি বাড়ির সামনে সকালে ককটেলগুলো পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে টঙ্গী পশ্চিম থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে ফেলে। পরে তারা বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। শনিবার বিকেল ৩টার পর বোম্ব ডিসপোজাল ইউনিট এসে ওই ককটেলগুলো নিষ্ক্রিয় করে।