আইনমন্ত্রী বললেন

অনলাইন নিবন্ধনে বাল্য ও অননুমোদিত বহুবিয়ে কমবে

অনলাইনে বিয়ে ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হলে বিয়ে-সংক্রান্ত অনিয়ম, বাল্যবিয়ে ও অননুমোদিত বহুবিয়ে প্রতিরোধ সহজ হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। গতকাল রাজধানীর নিকেতনে ব্র্যাক লার্নিং সেন্টারে ‘অনলাইনে বিয়ে ও তালাক নিবন্ধনে সফটওয়্যারের ব্যবহারবিধি এবং প্রাসঙ্গিক বিষয়াদি’ শীর্ষক আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন করেন আইনমন্ত্রী। ‘সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিকস : বিয়ে ও তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক পাইলট প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে পাঁচটি জেলার ২৭ জন বিয়ে ও তালাক নিবন্ধক (নিকাহ রেজিস্ট্রার) অংশগ্রহণ করছেন।

আসাদুজ্জামান বলেন, ‘বৈবাহিক সম্পর্কের তথ্য সমন্বিত ডেটাবেজে সংরক্ষিত থাকায় দেশের যেকোনো প্রান্ত থেকে, এমনকি বিদেশ থেকেও, প্রয়োজনীয় তথ্য দ্রুত যাচাই করা সম্ভব হবে।’ প্রতি বছর কতটি বিয়ে হচ্ছে, বাল্যবিয়ের ঘটনা ঘটছে কি না এবং বিয়ে-সংক্রান্ত আইন কার্যকর হচ্ছে কি না এসব বিষয় পর্যবেক্ষণ ও যাচাই সহজ হবে।’