ঢাকাসহ ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকায় দুপুরের মধ্যে হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টি পারে। সেই সঙ্গে মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ।

রবিবার (৪ অক্টোবর) সকাল ৭টায় ঢাকা ও আশপাশের এলাকার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এসময় হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দিনের তাপমাত্রা সাধারনত অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আজ রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।