মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে হেনস্তা করা হচ্ছে: শফিকুর

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সম্প্রতি গ্রেপ্তার হওয়া আখতারুজ্জামানকে নির্যাতিত ও ভুক্তভোগী মানুষের নেতা হিসাবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, আখতারুজ্জামান এখন শুধু জামায়াতের নয়, সারা দেশের ভুক্তভোগী নির্যাতিত মানুষের নেতা হয়ে উঠেছেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে হেনস্তা করার জন্য গ্রেপ্তার করা হয়েছে।

জামায়াতে আমির বলেন, আখতারুজ্জামান কথা বলেছেন ভুক্তভোগী ও দেশের অর্থনীতির চাকাকে সচল রাখা প্রবাসীদের জন্য। যাদের ব্যাগ কেটে মূল্যবান জিনিসপত্র চুরি করা হয়। তিনি এসবের প্রতিবাদ করায় তার বিরুদ্ধে তরিঘড়ি করে হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। তাকে হাতকড়া পড়ানো হয়। অপমান করার জন্য হেলমেট পড়ানো হয়েছে। আমরা এসবের নিন্দা ও ধিক্কার জানাই। 

রবিবার (৪ অক্টোবর) রাজধানীর হাতিরঝিলের মধুবাগ মাঠে ঢাকা মহানগরী উত্তর জামায়াতে ইসলামীর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সপ্তাহের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম প্রমুখ।

ডা. শফিকুর রহমান বলেন, ঢাকায় বিমানবন্দরে সীমাহীন দুর্নীতি, অপকর্মের প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। সেদিন বিমানবন্দরে জামায়াতে ইসলামীর ৩৪ জন সংসদ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের সাথে অশোভন আচরণ করা হয়। আখতারুজ্জামনাকে উত্যক্ত করা হয়েছে। 

তিনি বলেন, আখতারুজ্জামানের মতো একজন বীর মুক্তিযোদ্ধাকে হাতে হাতকড়া পরানো হয়েছে তাকে অপমান করার জন্য। মাথায় হেলমেট পরানো হয়েছে তাকে অপমান করার জন্য। তার বুকে জ্যাকেট বেঁধে দেওয়া হয়েছে। আমরা এর নিন্দা জানাই, ধিক্কার জানাই।

মামলা হওয়ার পর আখতারুজ্জামানের সঙ্গে ফোনে কথা বলার বিষয় উল্লেখ করে জামায়াত আমির বলেন, আমি তাকে ফোন করেছিলাম, আমরা অ্যান্টিসিপেটরি বেল নেব কি না। তিনি অত্যন্ত দৃঢ় কণ্ঠে আমাকে বলেছিলেন, ‘আমি অন্যায় করিনি, কাজেই আমি আত্মসমর্পণ করব না।’

তিনি আরও বলেন,  আখতারুজ্জামান বলেছিলেন, ‘আমি চাই আমাকে গ্রেপ্তার করা হোক। আমি চাই, প্রতিবাদের কারণে আমাকে গ্রেপ্তার করা হয়েছে, এটা বাংলাদেশের ১৮ কোটি মানুষ দেখুক’।
ডা. শফিকুর রহমান বলেন, ডিবি যখন গিয়েছে, প্রথমে তাকে হাতকড়া পরায়নি। তিনি বলেছেন, ‘ও ডিবি ভাই, আমাকে একটু হাতকড়া পরান। সালাহউদ্দিন সাহেবের ইচ্ছা ১৬ আনা পূরণ হবে।’
বীর যতদিন জীবিত থাকে, বীরই থাকে। ঠিক তিনি বীরত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছেন।

আখতারুজ্জামানের জন্য দোয়া করে জামায়াত আমির বলেন, আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিন। মানুষ হিসেবে আমরা কেউ ভুলত্রুটির ঊর্ধ্বে নই। আমাদের এবং উনারও কোনো ভুলত্রুটি থাকলে আল্লাহ তাও ক্ষমা করে দিন।

ডা. শফিকুর রহমান বলেন, তিনি যে প্রবাসীদের পক্ষে কথা বলেছেন, এটাকে হালকাভাবে নেবো না। সরকারকে সাবধান করে দিচ্ছি-পারেন না, মুরোদ নাই, একটা মেডিকেল সেন্টার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারেন না, সেখানে রাতের অন্ধকারে ভেঙে চুরমার করে দেওয়া হলো, তার সমস্ত সম্পদ লুণ্ঠন করা হলো।
তিনি অভিযোগ করেন, কারা এটা করল, সিসি ক্যামেরায় ধরা পড়ল। সেখানে জনপ্রতিনিধিরা আড়ালে-আবডালে থেকে পাশে থেকে নেতৃত্ব দিয়েছেন।

তিনি বলেন, জনগণকে বোকা ভাববেন না, অন্ধ ভাববেন না। আপনাদেরও যদি প্রত্যেকের দুইটা করে চোখ থাকে, তাহলে জনগণেরও সূর্যের মতো দুইটা করে চোখ আছে। পরিষ্কার করে সবকিছু দেখে। আড়াল করতে পারবেন না। এখন আড়াল করার জামানা না। এখন মুহূর্তের মাঝে সবকিছু জনগণের দোরগোড়ায় হাতে হাতে পৌঁছে যায়।

জামায়াত আমির  বলেন, আমরা বিরোধীদলে থাকলেও আমাদেরও দায়িত্ব আছে। দেশের স্বাস্থ্য ব্যবস্থা নয়, কার্যত দেশের সকল প্রতিষ্ঠান বিধ্বস্ত অবস্থায় আছে।

তিনি বলেন, বীমা করপোরেশন,শেয়ারবাজার মাটির সাথে হামাগুড়ি খাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে দিনে দুপুরে বিভিন্ন রকম অপকর্ম খোদ রাজধানীতেই চলছে- যেখানে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। রাজধানীর অবস্থা থেকে বুঝা যায় সারা দেশের অবস্থা কী? যা খুবই উদ্বেগজনক। 

বিরোধী দলীয় নেতা বলেন, ডেঙ্গুর আগে হামে মৃত্যুর ঘটনায় সরকার অতীতের সরকারকে দায় দিয়েছে। কিন্তু এ সরকার গত সাত মাসে কি করল? এখনও হামে ও ডেঙ্গুতে লোক মরে কেন? ব্যর্থতা স্বীকার করে নেন। 

ডা. শফিকুর রহমান বলেন, বিশ্বে ডেঙ্গুর টিকা আছে। কিন্তু আমাদের সরকার এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। সরকারিভাবে সে টিকা আনার যদি উদ্যোগ না থাকে, তাহলে বেসরকারিভাবে আনার রাস্তা খুলে দেন। এতে অন্তত মানুষ বাঁচার জন্য উপকরণ হাতে পাবে। সরকার নিজেও আনবে না বাজারও খুলে দেবে না। আর যদি তারা আনেও, তাহলে ঘাটে ঘাটে কমিশন বসিয়ে জনগণের পয়সা চুরি করবে।

তিনি বলেন, এ দুর্যোগে জামায়াত বসে থাকবে না, বসে থাকার সংগঠন নয়। দেশে যে দুর্যোগ এসেছে আমরা সর্বোচ্চ সামর্থ নিয়ে নেমিছি। এক্ষেত্রে ডেঙ্গুকে আমরা মহামারি আকারে দেখছি। এজন্য আমরা ডেঙ্গু প্রতিরোধ সপ্তাহ ঘোষণা করেছি। আমরা জনগণকে সচেতন করে ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা পালন করব। ঢাকা উত্তর সিটি করপোরেশনে সেলিম উদ্দিনকে মেয়রপ্রার্থী হিসেবে ঘোষণা করেছি আমরা। তিনি খাল, নর্দমা যেখানে ডেঙ্গুর মশার চাষ হয় সেগুলো পরিচ্ছন্ন করতে অভিযান শুরু করেছেন। দক্ষিণে সাদিক কায়েম আছে। গ্রাম পর্যন্ত আমাদের সহকর্মীরা জনগণের কাছে পৌঁছে যাবে। 

তিনি বলেন, আমাদের কাছে সরকারি বরাদ্দ নেই, আমরা নিজেদের ও শুভাকাঙ্ক্ষীদের দেওয়া টাকা দিয়ে নেমেছি। সরকার জনগণের টাকার দায়িত্বশীল, জনগণের ট্যাক্সের টাকার পাহারাদার। সরকারকে নামতে হবে জনগণের দায়িত্ব নিতে হবে। সরকারকে ঘুমাতে দেবো না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেবো। সরকারের কাজ ঘুমানো নয়, জনগণ শান্তিতে ঘুমাবে আর সরকার পাহারা দেবে-এটি সরকারের কাজ। সেই সরকার জনগণকে শান্তি দিতে পারে না, যে সরকারের অধীনে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না সেই সরকারের দরকার নেই। যারা এটি পারবে তাদের হাতে দায়িত্ব যাবে। রাড্ডায় যেন মানুষের সেবা বন্ধ না হয় সেজন্য আমরা একটি অনুদান ঘোষণা করেছি। আমরা অপেক্ষায় আছি কখন কর্তৃপক্ষের গ্রিন সিগনাল পাবো। কিন্তু ধানাই পানাই শুরু করেছে সরকার, তারা নিজেরা করবে না আমাদেরও করতে দেবে না। এমনটা হলে আমরা জনগণকে জানিয়ে দেবো। আমরা আন্তরিকভাবে কাজ করতে চাই লোক দেখানোর জন্য না। সেই কাজে জনগণের সর্বাত্মক সহযোগিতা পাবো ইনশাআল্লাহ। 

তিনি সরকারকে মানুষের জীবন রক্ষায় অতি দ্রুত মশা নিধনের বাস্তব কর্মসূচি গ্রহণে আহ্বান জানান। সামাজিক পদক্ষেপ গ্রহণ ও আক্রান্ত লোকদের সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা নিতে হবে যাতে কেউ অবহেলার শিকার না হয়। পরে তিনি ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্বলিত লিফলেট ও ব্লিচিং পাউডার জনগণের মাঝে বিতরণ করেন।