খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ডের প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দুই দিনব্যাপী প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) সকালে শহর সমাজসেবা কার্যালয়ের কম্পিউটার ল্যাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু আব্দুল্লাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।

প্রশিক্ষণে খাগড়াছড়ি ও রাঙামাটির ২৩ জন সমাজসেবা কর্মকর্তা অংশ নিয়েছেন। খাগড়াছড়ির ৯ উপজেলায় এরই মধ্যে ২৮ সুপারভাইজার ও ২৯৮ জন তথ্য সংগ্রহকারী নির্বাচিত করা হয়েছে।

ম্রাসা থোয়াই মারমা বলেন, কর্মসূচির সফলতা নির্ভর করবে মাঠপর্যায়ে সংগৃহীত নির্ভুল তথ্যের ওপর। তাই কোনো প্রভাব বা পক্ষপাতের ঊর্ধ্বে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে প্রকৃত হকদার পরিবারের তথ্য সংগ্রহ করতে হবে।

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও খাগড়াছড়ির সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়ার প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য এম এন আবছার, তাজলিমা সিরাজ সীমা প্রমুখ।