চট্টগ্রামের ফটিকছড়িতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাইফুল ইসলাম নামে এক পল্লী চিকিৎসককের মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শনিবার (৩ অক্টোবর) বিকেলের দিকে তার মৃত্যু হয়।
মৃত সাইফুল ইসলাম (২৫) উপজেলার বাগানবাজার ইউনিয়নের হলুদিয়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। পেশায় পল্লী চিকিৎসক।
পরিবারের বরাত দিয়ে বাগানবাজার ইউনিয়ন পরিষদের(ইউপি) সদস্য জসিম উদ্দিন জানান, কয়েকদিন ধরে জ্বরসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন সাইফুল। তিন দিন আগে পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। এরপর ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শনিবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। কিন্তু হাসপাতালের পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, মাত্র ২৫ বছর বয়সে সাইফুলের এমন চলে যাওয়া মেনে নিতে পারছেন না তারা। যিনি এতদিন অন্যের অসুস্থতায় পাশে দাঁড়িয়েছেন, সেই মানুষটির বিদায়ে শোকাহত এলাকাবাসী।