‘পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি’র নেতা গুলিতে নিহত

খুলনার দিঘলিয়ায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তের গুলিতে মো. নাসিমুল গনি নামে চরমপন্থি ‘পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি’র এক নেতা নিহত হয়েছেন বলে জানা গেছে। রবিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা সংলগ্ন ফায়ার সার্ভিস এলাকায় এঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।

নিহত মো. নাসিমুল গনি (৪৫) ওই এলাকার বাসিন্দা ও পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রবিবার দুপুর ১২টার দিকে দিঘলিয়ার ফায়ার সার্ভিস এলাকায় নিজ বাড়ির সামনে চা খেতে বের হলে একটি ভ্যানে করে দুই ব্যক্তি সেখানে আসেন। এ সময় তারা নাসিমকে লক্ষ্য করে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সানোয়ার হুসাইন মাসুম জানান, নাসিমুল গনি নামের একজনকে নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা এবং তিনটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে এবং কারা তাকে গুলি করে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।