চট্টগ্রামে বাজার তদারকি কার্যক্রমের অংশ হিসেবে অসাধু ব্যবসা ও অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নকল ঘি তৈরি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করার অপরাধে চার প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে নগরীর বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক ফয়েজ উল্লাহ।
অভিযান সূত্রে জানা যায়, তদারকিমূলক কার্যক্রমের সময় ‘এম আর কনজিউমারস প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানে মানহীন ও নকল ঘি উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করা এবং যথাযথভাবে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করায় ‘পারভিন ট্রেডার্স’ নামের একটি ডিমের দোকানকে ১০ হাজার টাকা এবং ‘হোসেন এন্টারপ্রাইজ’ নামের এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে ‘আরিফের ফল বিতান’ নামের একটি ফলের দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক ফয়েজ উল্লাহ বলেন, ‘নিত্যপণ্যের বাজারে স্বচ্ছতা ফেরাতে আমরা এই অভিযান চালিয়েছি। জনস্বার্থে ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।’