নাটোরের গুরুদাসপুরে এক রাতেই পাশাপাশি দুই গ্রাম থেকে ছয়টি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের দুধগাড়ি ও গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় সাত লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে ৩টার দিকে দুধগাড়ি গ্রামের ইসমাইল হোসেনের গোয়ালঘর থেকে দুটি দুধেল গাভি ও দুটি বাছুর এবং গোপীনাথপুর গ্রামের আব্দুল আজিজ সরকারের গোয়ালঘর থেকে দুটি বকনা গরু নিয়ে যায় চোরেরা।
ইসমাইল হোসেন বলেন, গভীর রাতে শব্দ শুনে বাইরে এসে তারা দেখতে পান, কয়েকজন গরুগুলো রাস্তার দিকে নিয়ে গিয়ে একটি সাদা পিকআপে তুলছে। তাদের চিৎকারে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে এগিয়ে গেলে চোরেরা দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরে নাজিরপুর ব্রিজঘাট এলাকায় পুলিশের গাড়ি দেখে বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে আসে।
স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকায় গবাদিপশু চুরির ঘটনা বেড়েছে। কিছুদিন আগে একই ইউনিয়নের বিন্দাবনপুর গ্রাম থেকে একটি পরিবারের চারটি মহিষ চুরি হয়। ওই ঘটনায় জড়িতদের এখনো শনাক্ত করা যায়নি বলে জানান তাঁরা।
পরপর এমন ঘটনায় কৃষক ও খামারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের ভাষ্য, অনেকেই এখন রাত জেগে গোয়ালঘর পাহারা দিচ্ছেন।
ভুক্তভোগী দুই পরিবার জানায়, গরুগুলোই ছিল তাদের বড় সম্পদ ও আয়ের ভরসা। এক রাতেই প্রায় সাত লাখ টাকার গবাদিপশু হারিয়ে তারা চরম বিপাকে পড়েছেন। দ্রুত গরু উদ্ধার এবং চোরচক্রকে শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তাঁরা।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।