আবাসন সংকট নিয়ে স্পেনে বিক্ষোভ

আবাসন সংকট ও লাগামহীন বাড়িভাড়ার প্রতিবাদে স্পেনজুড়ে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। আবাসন সুরক্ষা, ভাড়া কমানো এবং উচ্ছেদ বন্ধের দাবিতে মাদ্রিদ, বার্সেলোনা ও ভ্যালেন্সিয়াসহ বিভিন্ন শহরে শনিবার (৩ অক্টোবর) প্রায় ৫০টি বিক্ষোভ মিছিল হয়েছে। খবর বিবিসির।  

রাজধানী মাদ্রিদে বিক্ষোভকারীদের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। ভাড়াটিয়া সংগঠন দাবি করেছে, অংশ নিয়েছেন প্রায় ৫ লাখ মানুষ। তবে সরকারি হিসাবে এ সংখ্যা প্রায় ৭০ হাজার। 

ভ্যালেন্সিয়ায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। কয়েকজন বিক্ষোভকারী ব্যারিকেড সরিয়ে পুলিশকে লক্ষ্য করে বস্তু ছুড়লে পুলিশ রাবার বুলেট ছোড়ে। এতে ৯ পুলিশ সদস্য আহত এবং পাঁচজন গ্রেপ্তার হয়েছেন।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের জোট সরকার শুক্রবার আবাসন সংকট মোকাবিলায় দুটি জরুরি প্রস্তাব পার্লামেন্টে তুললেও তা প্রত্যাখ্যাত হয়। প্রস্তাবগুলোতে ঝুঁকিপূর্ণ ভাড়াটিয়াদের উচ্ছেদ ২০৩০ সাল পর্যন্ত স্থগিত, ভাড়া চুক্তির মেয়াদ বাড়ানো, পর্যটন অ্যাপার্টমেন্টে কর বৃদ্ধি এবং বিনিয়োগ তহবিলের আবাসন কেনায় বিধিনিষেধের মতো পদক্ষেপ ছিল।

গত মাসে ভাড়া বাড়ার পর ৮৭ বছর বয়সী এক নারীকে বাড়ি থেকে উচ্ছেদের ঘটনা দেশজুড়ে ক্ষোভ আরও বাড়িয়ে দেয়। পরে বাড়ির মালিকপক্ষ কম ভাড়ায় তাকে আবার সেখানে থাকার সুযোগ দিলেও বিক্ষোভ থামেনি।

পার্লামেন্টে প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় সানচেজের সংখ্যালঘু সরকারের রাজনৈতিক চাপও বেড়েছে। আবাসন সংকট নিয়ে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়ার কথাও জানিয়েছে মাদ্রিদের ভাড়াটিয়াদের সংগঠন।