২৪ ঘন্টায় ৭০০ হুথি সৈন্য হত্যার দাবি ইয়েমেনের

ইয়েমেনে হুথিদের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন এলাকায় শত শত হামলা চালানোর দাবি করেছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। এসব অভিযানে অন্তত ৭০০ হুথি যোদ্ধা নিহত এবং ১৭০টি সামরিক যান ও ভারী সরঞ্জাম ধ্বংস হয়েছে বলে জানিয়েছে সৌদি সমর্থিত সরকারি বাহিনী। খবর আল জাজিরার।  

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নাজিলি শনিবার (৩ অক্টোবর) বলেন, হুথিদের অবস্থান, গতিবিধি ও সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে সেনাবাহিনী ২৫৭টি সুনির্দিষ্ট অভিযান চালিয়েছে। 

সানা ছাড়াও মিদি, বাকিম, আল-জাওফ, মারিব, আল-বাইদা ও লাহিজ এলাকায় এসব হামলা চালানো হয়েছে। তবে সবচেয়ে তীব্র লড়াই হয়েছে তাইজ ঘিরে।

ইয়েমেনের সেনাবাহিনীর দাবি, হামলায় হুথিদের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সরকারি বাহিনীর কোনো হতাহতের তথ্য দেওয়া হয়নি।  

এর আগে শুক্রবার আল-নাজিলি দাবি করেছিলেন, ২৪ ঘণ্টায় হুথিদের বিরুদ্ধে প্রায় ৫০০ সামরিক অভিযান চালানো হয়েছে। এতে ১ হাজার ৫৪০ হুতি যোদ্ধা নিহত বা আহত হয়েছেন বলে দাবি করা হয়।

এদিকে হুথিরা সৌদি আরবের রিয়াদে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনায় হামলার দাবি করলেও সৌদি কর্তৃপক্ষ তা নিশ্চিত করেনি।