বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ বাড়ানোর আহ্বান গভর্নরের

বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। একই সঙ্গে দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও ভারসাম্যপূর্ণ ও বহুমুখী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতি। এ সময় দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় অর্থনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাতে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে বের করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর দেশের ক্রমবর্ধমান অর্থনীতি ও বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরে বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ আরও সম্প্রসারণের আহ্বান জানান। পাশাপাশি দুই দেশের বাণিজ্য সম্পর্ককে আরও ভারসাম্যপূর্ণ ও বহুমুখী করার লক্ষ্যে বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় তৈরি পোশাক, ইলেকট্রনিক পণ্য ও ওষুধসহ বিভিন্ন পণ্য রপ্তানি বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

সাক্ষাতে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনার কথাও জানান তিনি।

সাক্ষাতে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে দেশটির দূতাবাসের মন্ত্রী পরামর্শক ও দপ্তরপ্রধান ওয়াহিউ রিয়াদি, তৃতীয় সচিব ও অর্থনৈতিক বিষয়ক কর্মকর্তা রবি ফিরলি হারখা এবং কর্মকর্তা সাপতো রুদিয়ান্তো উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন ও নির্বাহী পরিচালক মো. হারুন-অর-রশিদ উপস্থিত ছিলেন।