ইছামতীতে গোসলে নেমে নিখোঁজ নারী

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ইছামতী নদীতে গোসল করতে নেমে হাবিবার রহমান বাবলী নামে এক নারী নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। রবিবার (৪ অক্টোবর) দুপুরে সিরাজদীখান উপজেলার গুনাসার গ্রাম সংলগ্ন ইছামতী নদীর খেয়াঘাটে এ ঘটনা ঘটে।

নিখোঁজ হাবিবার রহমান বাবলী (৪৮) রাজধানী ঢাকার বাসিন্দা, তিনি সিরাজদীখানের ভুঁইয়াবাড়ী এলাকার  বান্ধবী চামেলির বাসায় বেড়াতি গিয়ে ছিলেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর আড়াইটার দিকে তিন বান্ধবী গোসল করতে নেমেছেন। এ সময় দুজন সাঁতরে তীরে উঠতে পারলেও হাবিবার রহমান বাবলী নিখোঁজ হন। খবর পেয়ে সিরাজদীখান ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। পরে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ নারীকে উদ্ধারে পানিতে অভিযান শুরু করে।

তিনি জানান, নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযান ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। নিখোঁজ নারীকে উদ্ধারে ডুবুরি দল সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।