‘বর্ষসেরা টেকসই পর্যটন উদ্যোগ’ পুরস্কার পেলেন মো. শাখাওয়াত হোসেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের (MOCAT) অধীনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬’-এ ‘বর্ষসেরা টেকসই পর্যটন উদ্যোগ’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শাখাওয়াত হোসেন।

দ্য ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা ও হান্সা (HANSA – A Premium Residence)-এর মালিকানাধীন প্রতিষ্ঠান ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির সিইও শাখাওয়াত হোসেন তাঁর কপিরাইটপ্রাপ্ত বুদ্ধিবৃত্তিক সম্পদ ‘শাখাওয়াত’স সিক্স কন্ট্রোল পয়েন্টস ফর ফুড কস্ট অপ্টিমাইজেশন’-এর জন্য এ পুরস্কার অর্জন করেন।

বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উদযাপনের অংশ হিসেবে শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি, শাখাওয়াত হোসেনের হাতে পুরস্কার তুলে দেন।

‘বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬’-এ পর্যটন, আতিথেয়তা, উদ্ভাবন ও টেকসই উন্নয়নসহ ১৬টি বিভাগে বিশেষ অবদানের স্বীকৃতি দেওয়া হয়। পর্যটন খাতে অসামান্য অবদানের জন্য নির্বাচিত ব্যক্তি, প্রতিষ্ঠান ও উদ্যোগকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী, এমপি; বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আক্তার, এনডিসি; বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান। অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, পর্যটন খাতের নেতা, শিক্ষাবিদ ও শিল্প পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

খাদ্য অপচয় রোধ, খরচ কমানো এবং সম্পদের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে ‘সিক্স কন্ট্রোল পয়েন্টস’ ফ্রেমওয়ার্কটি হসপিটালিটি ও পর্যটন শিল্পে একটি কার্যকর উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে। আয়োজকদের মতে, শাখাওয়াত হোসেনের এ উদ্ভাবন একাডেমিক তত্ত্বের সঙ্গে ব্যবহারিক প্রয়োগের সমন্বয় ঘটিয়েছে এবং এর মাধ্যমে কার্যকর ফলাফল পাওয়া গেছে।

কঠোর পর্যালোচনার পর বিচারকমণ্ডলী সর্বসম্মতিক্রমে ‘শাখাওয়াত’স সিক্স কন্ট্রোল পয়েন্টস ফর ফুড কস্ট অপ্টিমাইজেশন’-কে জাতীয় স্বীকৃতির জন্য উপযুক্ত একটি টেকসই উদ্যোগ হিসেবে নির্বাচিত করেন।

পুরস্কার পাওয়ার পর শাখাওয়াত হোসেন বলেন, ‘এই পুরস্কারটি সিক্স কন্ট্রোল পয়েন্টস উদ্যোগের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং এটি টেকসই আতিথেয়তা খাতে আমাদের অবদানের প্রতিফলন। আমরা এই ফ্রেমওয়ার্কটি সারা দেশের হসপিটালিটি খাতে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছি। ভবিষ্যতে আন্তর্জাতিক হোটেল ও রেস্তোরাঁ চেইনগুলোতে এটি ব্যবহারের সুযোগও অনুসন্ধান করছি।’

২৫ বছরের বেশি পেশাগত অভিজ্ঞতার অধিকারী শাখাওয়াত হোসেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির নেতৃত্ব দিচ্ছেন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি উদ্ভাবন, সেবার মানোন্নয়ন ও টেকসই ব্যবসায়িক কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের প্রিমিয়াম হসপিটালিটি খাতে কাজ করছে।

করপোরেট দায়িত্বের পাশাপাশি তিনি বিভিন্ন শিল্প সমিতি ও পেশাজীবী সংগঠনের সঙ্গে যুক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে খণ্ডকালীন শিক্ষক (অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি) হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। বর্তমানে একই বিভাগে পিএইচডি করছেন। এ ছাড়া একই বিষয়ে তাঁর এমফিল ও এমবিএ ডিগ্রি রয়েছে।

শিক্ষা, গবেষণা ও পেশাগত উন্নয়নে তাঁর সম্পৃক্ততার পাশাপাশি তিনি হসপিটালিটি খাতের সক্ষমতা বৃদ্ধি, ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি এবং তরুণদের পর্যটন ও আতিথেয়তা শিল্পে যুক্ত হওয়ার বিষয়ে কাজ করছেন।

সর্বশেষ এ পুরস্কার তাঁর পেশাগত জীবনে আরও একটি স্বীকৃতি হিসেবে যুক্ত হয়েছে। এর আগে তাঁর স্বীকৃতির মধ্যে রয়েছে সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস ২০২৪-এর ‘ট্যুরিজম ফেস অব সাউথ এশিয়া’, আমেরিকান কারি অ্যাওয়ার্ডস ২০২৫-এর ‘বেস্ট হসপিটালিটি আইকন’, ‘ট্যুরিজম লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ এবং ‘হুজ হু বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৬’।

পর্যটন শিক্ষা, গবেষণা ও নীতি উন্নয়নেও তিনি যুক্ত রয়েছেন। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের একজন ক্যাপস্টোন ফেলো।