৩১ অক্টোবর লংমার্চ সফল করতে জামায়াতের বৈঠক

৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠেয় ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে লংমার্চ বাস্তবায়ন কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এতে সভাপতিত্ব করেন।

জামায়াত জানায়, আগামী ৩১ অক্টোবর শনিবার সকাল ৭টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। পরে ঢাকা থেকে শুরু হওয়া লংমার্চ খুলনা, যশোর হয়ে কুষ্টিয়ায় গিয়ে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে।

১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে এ লংমার্চ অনুষ্ঠিত হবে।

এ ছাড়া দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিও রয়েছে কর্মসূচিতে।

জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপিসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা লংমার্চে নেতৃত্ব দেবেন বলে জানানো হয়েছে।

বৈঠকে লংমার্চের সার্বিক প্রস্তুতি ও কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে কর্মসূচিকে কেন্দ্র করে প্রস্তুতিসভা আয়োজন, গণসংযোগ, প্রচারপত্র বিতরণ এবং প্রশাসনের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে কর্মসূচির প্রস্তুতি এগিয়ে নিতে সর্বস্তরের দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি লংমার্চ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের; কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি, মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল এমপি, মো. সেলিম উদ্দিন ও ড. রেজাউল করিম।

এ ছাড়া কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আ. ফ. ম. আবদুস সাত্তার, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, মাহফুজুর রহমান ও অ্যাডভোকেট আতিকুর রহমান এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা ইয়াছিন আরাফাত, কামাল হোসেন এমপিসহ সংশ্লিষ্ট নেতারা বৈঠকে অংশ নেন।