বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন বাড়িয়ে ক্যাশলেস বাংলাদেশ গড়তে সোনালী ব্যাংক কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সোনালী ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খান।
রবিবার (৪ অক্টোবর) রাজধানীর বেইলি রোড এলাকার মনোয়ারা হাসপাতালে বাংলা কিউআরের প্রচারণাকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সোনালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর বলেন, ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও ঝুঁকিমুক্ত করতে অভিন্ন কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা বাংলা কিউআর চালু হয়েছে। এর মাধ্যমে গ্রাহকেরা কিউআর কোড স্ক্যান করে সহজেই কেনাকাটার মূল্য সোনালী ই-ওয়ালেটের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।
তিনি বলেন, বাংলা কিউআরের মাধ্যমে সব ধরনের ব্যবসায়ী, হকার, দোকানি ও সর্বস্তরের গ্রাহককে ক্যাশলেস লেনদেনে আগ্রহী করে তুলতে সোনালী ব্যাংক কাজ করে যাচ্ছে।
এর আগে ভিকারুননিসা নূন স্কুল শাখার উদ্যোগে আয়োজিত শাখায় বাংলা কিউআর লেনদেনের প্রচারণা কার্যক্রম পরিদর্শন করেন সোনালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর। সেখানে তিনি বাংলা কিউআরের মাধ্যমে ফুটপাতের এক হকারের কাছ থেকে পণ্য কেনেন। পরে তিনি মনোয়ারা হাসপাতালে বাংলা কিউআরের প্রচারণায় অংশ নেন।
এ সময় সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম, জেনারেল ম্যানেজার মো. আমিনুল ইসলামসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।