জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-দপ্তর সম্পাদক ও বর্তমান কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক প্রয়াত হাসিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ প্রয়াত হাসিবুর রহমানের রূহের মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। এ সময় আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন, সংগঠনটির সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিদসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান হিমেল, সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক এবং ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।
বক্তারা প্রয়াত হাসিবুর রহমানের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড ও জুলাই-আগস্টে তার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি তার পরিবারের প্রতি সমবেদনা জানান তারা।
বক্তারা আগামী দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি, শাহরিয়ার হোসেন, কাজী রফিকুল ইসলাম, রবিউল ইসলাম, মাহমুদুর রহমান, মো. তৌহিদ চৌধুরীসহ কমিটির সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দ।