মুন্সীগঞ্জে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু 

মুন্সীগঞ্জের শ্রীনগরে সাপের কামড়ে মো. আরিয়ান (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
 
রবিবার (৪ অক্টোবর) দুপুরে ঢাকা মিটফোর্ড হাসপাতালে তার মৃত্যু হয়।
 
আরিয়ান জেলার শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের মজিদপুর দয়হাটা গ্রামের মোহাম্মদ উজ্জলের ছেলে ও মজিদপুর কেসি ইন্সটিটিউটের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ কামাল জিলু সাপের কামড়ে আরিয়ানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
 
এলাকাবাসী জানায়, রবিবার সকাল ৮ টার দিকে আরিয়ান নিজ বসতঘরের খাটে বসে খেলছিল। এ সময় একটি বিষধর সাপ তার পায়ে কামড় মেরে দ্রুত খাটের নিচে একটি গর্তে চলে যায়। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়। সেখানে তার স্বাস্থ্যের অবনতি হলে মিটফোর্ড  হাসপাতালে পাঠানো হয়। পরে দুপুর ১ টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
ইউপি চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ কামাল জিলু বলেন, শিশু আরিয়ানের মৃত্যুতে আমি খুবই মর্মাহত। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।