ঢাবিতে আন্তঃবিভাগ বিতর্কে চ্যাম্পিয়ন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন ডিবেটিং ক্লাব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হেলথ ইকোনমিক্স ডিবেটিং ক্লাব আয়োজিত ইন্টার-ডিপার্টমেন্ট পলিসি ডিবেট কনক্লেভ ২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন ডিবেটিং ক্লাব।

দুই দিনব্যাপী চলা এ পলিসি বিতর্কে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাছাইকৃত মোট ২৪ টি বিতর্ক সংগঠন অংশগ্রহণ করে। বিতর্কটি ব্রিটিশ পার্লামেন্টারি ফরমেটে অনুষ্ঠিত হয় তাই ফাইনাল নিশ্চিত করে চারটি দল। দলগুলো হলো- শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন ডিবেটিং ক্লাব, ডিজাস্টার ম্যানেজমেন্ট ও ভালনারাবিলিটি স্টাডিজ ডিবেটিং ক্লাব, এ্যারাবিক ডিবেটিং ক্লাব ও গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিবেটিং ক্লাব।

এ প্রতিযোগিতায় শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন ডিবেটিং ক্লাবের হয়ে বিতর্ক করেন বিভাগের দুই শিক্ষার্থী তাসমিয়া ফেরদৌস ও কে. এম. জুলকার নাঈন। প্রতিযোগিতার গ্রুপ পর্বে (ট্যাব রাউন্ড) অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে দলটি 'টপ টিম ব্রেক' অর্জন করে এবং সর্বপ্রথম গ্র্যান্ড ফাইনালে জায়গা করে নেয়।

ব্যক্তিগত পর্যায়েও সাফল্য অর্জন করেন দলের দুই বিতার্কিক। তাসমিয়া ফেরদৌস পান থার্ড স্পিকার ব্রেক, আর টুর্নামেন্ট শ্রেষ্ঠ বিতার্কিক হন কে. এম. জুলকার নাঈন।

গতকাল থেকে শুরু হওয়া এ বিতর্কের ফাইনাল পর্বটি আজ রবিবার অনুষ্ঠিত হয় কলা ভবনের আরসি মজুমদার অডিটোরিয়ামে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগা-৩ আসনের সাংসদ সদস্য জনাব ফজলে হুদা আকন্দ বাবুল, বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্বাস্থ্য অর্থনীতি বিভাগের চেয়ারম্যান কে.এম. নাফিস ইফতেখার তোলন এবং সভাপতিত্ব করেন হেল্থ ইকোনমিকস ডিবেটিং ক্লাবের সভাপতি রেদওয়ান উল্লাহ মহসিন।

চূড়ান্তের পর্বের বিতর্ক শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফজলে হুদা আকন্দ বাবুল এমপি। আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে ক্রেস্ট ও ট্রফি তুলে দেন।