গ্রেপ্তার আখতারের মুক্তির দাবিতে নিজ উপজেলা কটিয়াদীতে জামায়াতের বিক্ষোভ

বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর প্রতিবাদে তাঁর নিজ উপজেলা কিশোরগঞ্জের কটিয়াদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী।

মেজর (অব.) রঞ্জন কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সন্তান। তাঁর গ্রেপ্তারের প্রতিবাদে রোববার (৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কটিয়াদী সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, নায়েবে আমির মো. সাইদুল হক বিএসসি, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা যুব বিভাগের সভাপতি আলি কাওছার রনি ও কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাসান আল মামুন বক্তব্য দেন। এ ছাড়া বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা রঞ্জনের নিঃশর্ত মুক্তি ও তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। দ্রæত মুক্তি না দিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তাঁরা।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে ডিবি রঞ্জনকে গ্রেপ্তার করে। পরে তাঁকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি ও এক নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে রোববার আদালতে হাজির করা হলে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।