দীর্ঘদিন ধরে মেলোডিনির্ভর গান দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন কণ্ঠশিল্পী পিয়াল হাসান। সময়ের সঙ্গে গানের ধরন ও পরিবেশনায় পরিবর্তন এলেও নিজের স্বতন্ত্র গায়কি দিয়ে নিয়মিতই শ্রোতাদের মুগ্ধ করে চলেছেন তিনি। দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চের পাশাপাশি টেলিভিশন ও ইউটিউবের নানা আয়োজনে নিয়মিত পারফর্ম করছেন পিয়াল হাসান। বর্তমানে গান নিয়েই বেশ ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী। এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। পাশাপাশি নতুন একাধিক মৌলিক ও দ্বৈত গানের কাজও এগিয়ে নিচ্ছেন। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বিভিন্ন মঞ্চেও নিয়মিত গান পরিবেশন করছেন পিয়াল হাসান। অস্ট্রেলিয়া, লন্ডন, জাপান, জার্মানি ও চীনসহ বেশ কয়েকটি দেশে সংগীত পরিবেশন করেছেন তিনি। প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন আয়োজনে তার গান পেয়েছে প্রশংসা। সামনে আরও কয়েকটি দেশে অনুষ্ঠানের বিষয়ে আলোচনা চলছে বলেও জানিয়েছেন এই শিল্পী।
নতুন কাজ প্রসঙ্গে পিয়াল হাসান বলেন, ‘গান নিয়েই ব্যস্ত সময় পার করছি। আরও কয়েকটি দেশে অনুষ্ঠানের বিষয়ে কথা চলছে। খুব শিগগিরই সেসব দেশে শো করতে যাওয়ার কথা রয়েছে। পাশাপাশি বেশ কিছু দ্বৈত গানের কাজও চলছে। কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, কোনাল, লুইপা, লিজা, সালমা, দিঠি আনোয়ার ও পুতুলের সঙ্গে আমার দ্বৈত গান আসছে। আশা করছি, গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’ তিনি আরও বলেন, ‘দ্বৈত গানের পাশাপাশি আমার কয়েকটি একক গানের কাজও চলছে। গানগুলোর কাজ শেষ হলেই পর্যায়ক্রমে শ্রোতাদের কাছে প্রকাশ করা হবে। শ্রোতাদের ভালোবাসা ও প্রত্যাশার কথা মাথায় রেখেই নতুন গানগুলো করছি।’