নাইটক্লাবে দুই ফুটবলারের ক্রীড়া ভাতা বাতিল হতে পারে

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপে ভরাডুবির মধ্যে নতুন করে আলোচনায় এসেছেন দুই ফুটবলার ডিফেন্ডার সাদ উদ্দিন ও মিডফিল্ডার সোহেল রানা জুনিয়র। ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯-২ গোলে হারের পর তাদের বিরুদ্ধে নাইটক্লাবে যাওয়ার অভিযোগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। গতকাল রবিবার তিনি জানিয়েছেন, অভিযোগের তদন্ত হবে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, বাতিল হবে ক্রীড়া ভাতা।

রবিবার জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের সভাকক্ষে এশিয়ান গেমসে পদকজয়ী উশুকা জিন্নাত আক্তারকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘ফুটবলের ফলাফল এমনিতেই খুব খারাপ হয়েছে। তার ওপর এই অভিযোগ। আমি খুব হতাশ হয়েছি। ওই সময় কারা ম্যানেজমেন্টে ছিলেন, সে বিষয়গুলোও আমরা খতিয়ে দেখছি। আমি পরিষ্কারভাবেই বলছি, নাইটক্লাবে গিয়েছেন এমন অভিযোগ প্রমাণিত হলে শৃঙ্খলাভঙ্গের জন্য অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তারা যদি ক্রীড়া ভাতার আওতায় থাকেন, তাহলে তা বাতিল করা হবে।’ এ বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বাফুফে সভাপতির সঙ্গে কথা বলেছি। তিনি সম্ভবত দেশের বাইরে আছেন। তিনি ফিরলে বাকি বিষয়গুলো নিয়ে কাজ করব। এ বিষয়ে এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এমন পারফরম্যান্সের পর এ ধরনের কাজ করার দুঃসাহস কীভাবে পেল, সেটিও খতিয়ে দেখা হবে। সবকিছুই তদন্ত করা হবে।’

উল্লেখ্য, ১ অক্টোবর ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বড় ব্যবধানে হারের পর দুই ফুটবলার নাইটক্লাবে গেছেন; এমন একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্ক তৈরি হয়। তবে দুই ফুটবলার দাবি করেছেন, ছবিটি পুরনো এবং ইন্দোনেশিয়ার ম্যাচের পরের নয়। বিষয়টি তদন্ত করা হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।