অর্থমন্ত্রী বললেন

পুঁজিবাজারের জন্য প্রয়োজন সুশাসন ও সেলফ-রেগুলেশন

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পুঁজিবাজারকে বর্তমান নাজুক অবস্থা থেকে পুনর্গঠন ও শক্তিশালী করতে বাজারসংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের স্বতঃস্ফূর্ত সেলফ-রেগুলেশন এবং সুশাসন চর্চার প্রয়োজন। গতকাল রবিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটরিয়ামে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসসিও) যৌথ উদ্যোগে আয়োজিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক) তানভীর শাহরিয়ার গনি। বিশেষ অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন।

অনুষ্ঠানে বিএসইসি, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, এনবিআর এবং পুঁজিবাজারসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, আন্তর্জাতিক প্রতিনিধি এবং বিপুলসংখ্যক বিনিয়োগকারী উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী দেশের অর্থনীতির বর্তমান প্রেক্ষাপটের চিত্র তুলে ধরে বলেন, বিগত সময়ে ক্যাপিটাল মার্কেটের জন্য নানা প্রাতিষ্ঠানিক ও অবকাঠামোগত উন্নয়ন, যেমন অটোমেশন, সিডিবিএল ইত্যাদি করা হলেও সার্বিকভাবে বাজার ইতিবাচক ফল দিতে ব্যর্থ হয়েছে। ফলে পুরো অর্থনীতির পাশাপাশি আমাদের ক্যাপিটাল মার্কেটও আজ একটি গভীর গর্তে পতিত হয়েছে। বর্তমানে আমরা একে উদ্ধার করার চেষ্টা করছি, যার জন্য আমাদের কিছু কঠিন ও বেদনাদায়ক সিদ্ধান্ত নিতে হচ্ছে।