ঢাকার দুই সিটি নির্বাচন

২ প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন জামায়াত আমির

প্রথমবারের মতো মোহাম্মদ সেলিম উদ্দিনকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও মো. আবু সাদিককে (সাদিক কায়েম) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে দলের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। গতকাল রবিবার রাজধানীর হাতিরঝিলের মধুবাগ মাঠে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সপ্তাহের উদ্বোধনকালে প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তিনি।

ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ঢাকা- ১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম প্রমুখ।

শফিকুর রহমান বলেন, ‘সাদিক কায়েম কী জিনিস, ইতিমধ্যে বাংলাদেশের মানুষ চিনে ফেলেছে। ডাকসু যেভাবে মনের ঢাকা বিশ্ববিদ্যালয়কে মতো করে সাজিয়েছিল, ঢাকা দক্ষিণকেও তিনি সেভাবে মনের মতো করে সাজাবেন।

সেলিম উদ্দিনকে ঢাকা উত্তরের মেয়রপ্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে তার সাম্প্রতিক সময়ে খাল পরিষ্কার, আবর্জনা পরিষ্কারসহ জনসচেতনতামূলক বিভিন্ন কর্মকা-ের প্রশংসা করেন জামায়াত আমির।