শাহজালালে ১৬ কোটি টাকার স্বর্ণসহ গ্রেপ্তার দুই বিমানকর্মী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানকর্মীর জুতার ভেতর থেকে ৯.৩৪ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা। গতকাল রবিবার কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) এসব স্বর্ণ জব্দ করেছে। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।

সিআইআইডি কর্মকর্তারা জানিয়েছেন, তারা মোট ৮০টি স্বর্ণবার উদ্ধার করেন। প্রতিটি বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। ৮০টি স্বর্ণবারের মোট ওজন হয়েছিল ৯ দশমিক ৩৪ কেজি। দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের ইকে-০৫৮২ ফ্লাইটের দুই বিমানকর্মীর জুতায় বিশেষ কায়দায় স্বর্ণবারগুলো লুকানো ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) কর্মকর্তারা। এ সময় দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের ইকে-০৫৮২ ফ্লাইটের রানওয়েতে দুই বিমানকর্মীকে তল্লাশি করা হয়। তাদের জুতার ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণবারগুলো পাওয়া যায়।

এদিকে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসা মালয়েশিয়ান এয়ারলাইনসের এমএইচ-০১৯৬ ফ্লাইটের যাত্রী মালয়েশিয়ার নাগরিক ইয়াং ডন সিউয়ের কাছ থেকে সাড়ে চার কেজি স্বর্ণ জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় আট কোটি টাকা।

অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় সংশ্লিষ্ট আইনে ফৌজদারি মামলা করা হয়েছে।