চন্দনাইশে ঘন কুয়াশায় শীতের আমেজ

চট্টগ্রামের চন্দনাইশে ঋতু পরিবর্তনের বার্তা নিয়ে কুয়াশাচ্ছন্ন সকাল শুরু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) ভোর থেকেই পুরো উপজেলা ঘন কুয়াশার চাদরে ঢেকে যায়। সকাল সাড়ে ৭টা পর্যন্ত সূর্যের দেখা না মেলায় জনজীবনে কিছুটা ভোগান্তি দেখা দিলেও প্রকৃতিতে ফিরেছে শীতের আমেজ।

সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার দোহাজারী, জোয়ারা, কাঞ্চনাবাদ, বরমা, বরকল, বৈলতলী, সাতবাড়িয়া, হাশিমপুর, ধোপাছড়ি এবং চন্দনাইশ পৌরসভা এলাকার ফসলের মাঠ, সড়ক ও বাড়ির আঙিনা সাদা কুয়াশায় ঢেকে ছিল। ঘাসের ডগায় জমে ছিল মুক্তোর মতো শিশির বিন্দু।

ঘন কুয়াশার কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে। ভোরে জীবিকার তাগিদে বের হওয়া রিকশাচালক, দিনমজুর, স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও কৃষকদের কুয়াশার মধ্যেই কাজে যেতে দেখা গেছে।

চন্দনাইশ পৌরসভার কৃষক বাচা মিয়া বলেন, গত দুই দিন ধরে ভোরে হালকা ঠান্ডা লাগছে। আজ কুয়াশা বেশি পড়েছে। এই কুয়াশা আমন ধানের জন্য খুব উপকারী।

চন্দনাইশের শিক্ষার্থী আনোয়ার জানান, সকালে কোচিংয়ে যাওয়ার সময় কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। তবে কুয়াশাচ্ছন্ন সকালটা দেখতে খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে শীত চলে এসেছে।

আবহাওয়া অফিসের তথ্য মতে, অক্টোবরের মাঝামাঝি সময় থেকেই দেশের উত্তরাঞ্চল ও উপকূলীয় এলাকায় ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা থাকে। এ সময় দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান বাড়তে থাকে, যা শীতের আগমনী বার্তা দেয়।

এদিকে কুয়াশাচ্ছন্ন সকালের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করছেন স্থানীয় তরুণরা।