হাতীবান্ধায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নুর মোহাম্মদ (৪৫) নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

​রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে বিকেলে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ বাড়াইপাড়া গ্রামের কালীবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। নিহত নুর মোহাম্মদ ওই এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে।

​হাতীবান্ধা থানার ওসি ও স্থানীয়রা জানান, বোনদের জমির অংশ নিয়ে বড় ভাই নুর ইসলাম ও ছোট ভাই নুর মোহাম্মদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেলে এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নিলে বড় ভাই নুর ইসলাম লাঠি দিয়ে ছোট ভাই নুর মোহাম্মদের মাথায় ও শরীরে আঘাত করেন।

ঘটনার পর ​গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে রংপুর নেওয়ার পথেই তিনি মারা যান।

​হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।