চট্টগ্রামে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা হলেন সাইফুল আলম

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ পরোয়ানা তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ) সাইফুল আলম।

রবিবার (৪ অক্টোবর) সকাল ১০টায় চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে জেলা পুলিশ, চট্টগ্রামের আয়োজনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম। 

সভায় সেপ্টেম্বর মাসের সার্বিক অপরাধ পর্যালোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করা হয়। হত্যা মামলার রহস্য উদঘাটন ও দীর্ঘদিনের ঝুলে থাকা গ্রেফতারি পরোয়ানা তামিলে বিশেষ ভূমিকা রাখায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে মনোনীত হন এসআই সাইফুল আলম।

আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম ।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় এসআই সাইফুল আলম বলেন, এই সম্মান আমার একার নয়। এই অর্জন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার স্যারসহ আমার সকল সিনিয়র ও সহকর্মীদের। পুলিশ সুপার মাসুদ আলম স্যারের দিক-নির্দেশনায় কাজ করতে পেরে আমি গর্বিত।

তিনি আরও বলেন, গত মাসে চন্দনাইশ থানার দীর্ঘদিনের ঝুলে থাকা পরোয়ানা তামিলে সর্বোচ্চ চেষ্টা করেছি। দোহাজারী তদন্ত কেন্দ্রে যোগদানের পর এ পর্যন্ত এখানে ঘটে যাওয়া ৪টি হত্যা মামলার সবগুলোতেই দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীকে গ্রেপ্তার, হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার এবং ২টি মামলায় আসামির আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়ে সক্ষম হয়েছি। এই পুরস্কার আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার বলেন, এসআই সাইফুল আলম একজন পরিশ্রমী ও দক্ষ অফিসার। তার এই অর্জনে আমরা গর্বিত।

এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সকল সার্কেলের এএসপি ও সকল থানার ওসিরা।