শেষ ম্যাচ খেলতে আর্জেন্টিনা দলের সঙ্গে অনুশীলন মেসির

আন্তর্জাতিক ফুটবলে একটি রাজকীয় অধ্যায়ের অবসান ঘটতে যাচ্ছে। আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সিতে নিজের ২০৮তম ও শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলতে সম্পূর্ণ প্রস্তুত অধিনায়ক লিওনেল মেসি। ফিফা উইন্ডোর প্রীতি ম্যাচে মঙ্গলবার (বাংলাদেশ সময় ৭ অক্টোবর সকাল) আইকনিক মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের মুখোমুখি হবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টিকিট ছাড়া মাত্রই শেষ হয়ে যাওয়া কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে মেসিকে স্মরণীয় এক বিদায় জানাতে আয়োজনের কোনো কমতি রাখছে না আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

নিজ শহর রোসারিওতে দুই দিন কাটানোর পর রবিবার সকালে এএফএ-এর এজেইজা অনুশীলন কমপ্লেক্সে যোগ দেন তিনি। এএফএ সভাপতি ক্লাওদিও তাপিয়া ও সতীর্থরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। এএফএ তাঁদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় মেসির একটি ছবি পোস্ট করে লেখে, "স্বাগতম অধিনায়ক! অনুভূতি প্রকাশের ভাষা নেই।" পরে সন্ধায় নিজেদের প্রথম অনুশীলন সেশনটি শেষ হয়েছে। 

অনুশীলনে সতীর্থদের সাথে হলাকা মেজাজে মেসি

মেসির জন্য সোনালী অক্ষরের বিশেষ জার্সি

মেসির এই ঐতিহাসিক ও শেষ ম্যাচটির জন্য একটি বিশেষ স্মারক জার্সি তৈরি করা হয়েছে। জার্সিতে দেশের পতাকার আদলে দুটি বড় আকাশি-সাদা স্ট্রাইপ এবং মাঝখানে জাতীয় পতাকার সূর্যটি শোভা পাবে। এ ছাড়া জার্সিতে মেসির নাম এবং ঐতিহাসিক ১০ নম্বরটি সম্পূর্ণ সোনালী অক্ষরে খোদাই করা থাকবে, যা পরবর্তীতে মেসির ব্যক্তিগত জাদুঘরে স্মারক হিসেবে সংরক্ষিত থাকবে।

একাদশে পুরনো অভিজ্ঞতার ছোঁয়া

ফিফা উইন্ডোর প্রথম দুটি ম্যাচ—বলিভিয়ার বিপক্ষে ৪-০ ও বুর্কিনা ফাসোর বিপক্ষে ৭-০ গোলের জয়—উভয় ম্যাচেই বিশ্রাম দেওয়া হয়েছিল মেসিকে। তবে বেনিনের বিপক্ষে পূর্ণশক্তির একাদশ নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা।

মধ্যমাঠে রদ্রিগো ডি পল, জিওভানি লো সেলসো এবং রক্ষণে নিকোলাস ওতামেন্দির প্রত্যাবর্তন নিশ্চিতভাবেই একাদশের শক্তি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। ডি পল তরুণ নিকোলাস পাজের জায়গায় একাদশে ফিরছেন, আর আন্তর্জাতিক ফুটবলকে আগেই বিদায় জানানো অভিজ্ঞ ডিফেন্ডার ওতামেন্দি স্থান নিচ্ছেন লিসান্দ্রো মার্তিনেজের জায়গায়। ওতামেন্দির জন্যও ম্যাচটি হতে পারে জাতীয় দলের পোশাকে শেষ উপস্থিতি।

সম্ভাব্য শুরুর একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক); অগাস্টিন গিয়াই, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তালিয়াফিকো; রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি (অধিনায়ক), হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ।

কার্ডজনিত নিষেধাজ্ঞা ও ক্লাবের ছাড়পত্র না থাকায় নাহুয়েল মোলিনা ও পাওলো দিবালাকে এই ম্যাচে পাচ্ছে না দল। এছাড়া কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে লিয়াদ্রো পারেদেস খেলতে না পারলেও ক্যাম্পের নৈশভোজে ও অনুশীলনে সতীর্থদের সঙ্গে যোগ দিয়েছেন। অন্যদিকে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া আনহেল ডি মারিয়া রোসারিও সেন্ট্রালের হয়ে খেলার বাধ্যবাধকতা থাকলেও গ্যালারিতে উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছেন।

কাতারের বিশ্বকাপজয়ী আমেজ ফিরিয়ে আনতে কোচ লিওনেল স্কালোনি ও এএফএ যৌথভাবে ২০২২ বিশ্বকাপজয়ী স্কোয়াডের সদস্য ও তাঁদের পরিবারবর্গকে এই বিশেষ সন্ধ্যায় আমন্ত্রণ জানিয়েছে।

সূত্র: ইনফোবে ও টিওয়াইসি স্পোর্টস