‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা টি-শার্ট পরে মঞ্চ মাতালেন জ্যাকি ব্রায়ান

ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফক্সবোরোতে অবস্থিত জিলেট স্টেডিয়ামে আয়োজিত এক কনসার্টে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা টি-শার্ট পরে মঞ্চ মাতালেন আমেরিকান গ্র্যামিজয়ী কান্ট্রি গায়ক জ্যাক ব্রায়ান। শুক্রবার (২ অক্টোবর) অনুষ্ঠিত ও কনসার্টের মাধ্যমে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন তিনি।

সম্প্রতি ফিলিস্তিনপন্থী অবস্থানের কারণে সংগীতশিল্পী ম্যাকলমোরকে একই ভেন্যুতে অনুষ্ঠান করতে না দেওয়ার সিদ্ধান্তের পর ব্রায়ানের এই উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

রবিবার (৪ অক্টোবর) দ্য হলিউড রিপোর্টার-এর প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠিত কনসার্টে উপস্থিত দর্শকদের সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবি ও ভিডিওকে দেখা গেছে, শুক্রবার জিলেট স্টেডিয়াম মঞ্চে একটি কালো রঙের টি-শার্ট পরে গান গাইতে ওঠেন কান্ট্রি মিউজিক তারকা জ্যাক ব্রায়ান। টি-শার্টের বুকে স্পষ্ট অক্ষরে লেখা ছিল ‘ফ্রি প্যালেস্টাইন’ (ফিলিস্তিন মুক্ত করো)। শুধু ব্রায়ানই নন, তার ব্যান্ডের বেশ কয়েকজন সদস্যকেও ফিলিস্তিনের সমর্থনে বার্তা ও প্রতীক সংবলিত পোশাক পরে মঞ্চে পারফর্ম করতে দেখা যায়।

মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে মার্কিন পারফর্মারদের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা ও সোচ্চার হওয়ার প্রবণতা বাড়ছে, এই কান্ট্রি তারকার সিদ্ধান্ত তারই ধারাবাহিকতা।

তবে ফিলিস্তিন ইস্যুতে অবস্থান জানানোর ক্ষেত্রে ব্রায়ান অবশ্য নতুন কিছু নয়। এর আগে যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযান নিয়েও তিনি বিতর্কে জড়িয়ে ছিলেন।

গত বছরের অক্টোবরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি গানের অংশ প্রকাশ করেছিলেন ব্রায়ান। ‘ব্যাড নিউজ’ নামে ওই গানে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার ব্যাপক নির্বাসন অভিযান নিয়ে সমালোচনামূলক বক্তব্য ছিল। পরে গানটি চলতি বছরের শুরুতে প্রকাশিত হয়।

গানটি প্রকাশের সময় মিনেসোটায় অভিবাসনবিরোধী অভিযান জোরদার ছিল। ওই অভিযানে ফেডারেল এজেন্টদের গুলিতে দুইজন নিহত এবং ভেনেজুয়েলার এক অভিবাসী আহত হওয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ব্রায়ানের ওই গান নিয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম সমালোচনা করেছিলেন। রক্ষণশীল ধারার পডকাস্টার বেনি জনসনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি গানটিকে ‘সম্পূর্ণ অসম্মানজনক’ বলে মন্তব্য করেন।

এর জবাবে ইনস্টাগ্রামের এক বার্তায় ব্রায়ান বলেছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে কোনো বিভাজনমূলক বয়ান মানুষের ওপর চাপিয়ে দেওয়া হলে সেটি পরিস্থিতিকে আরও বিভক্ত করে তোলে। তিনি দাবি করেন, গানটি তার দেশের প্রতি ভালোবাসা এবং দেশের মানুষের প্রতি তার গভীর টানের কথাই তুলে ধরে।

ব্রায়ান বলেন, গানটিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা যুক্তরাষ্ট্রের গভীর বিভাজনকেই আরও স্পষ্ট করছে। তার ভাষায়, দেশকে আবার ঐক্যের পথে ফিরতে হবে।

৩০ বছর বয়সী গায়ক জ্যাক ব্রায়ান সমসাময়িক কান্ট্রি মিউজিক জগতে অন্যতম শীর্ষস্থানীয় নাম। নিজের অসাধারণ গীতিকবিতা ও পারফরম্যান্সের জন্য ইতোমধ্যেই মর্যাদাপূর্ণ গ্র্যামি পুরস্কার জিতে নিয়েছেন তিনি । তার জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘সামথিং ইন দ্য অরেঞ্জ’ ও  ‘আই রিমেম্বার এভরিথিং’ বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন তুলেছে।