কুমিল্লায় তিন কিশোর গ্যাংয়ের ৫ ‘মূলহোতা’ গ্রেপ্তার

কুমিল্লায় `কিশোর গ্যাংবিরোধী' বিশেষ অভিযান চালিয়ে তিন গ্যাংয়ের ‘পাঁচ সক্রিয় সদস্য’কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রবিবার (৪ অক্টোবর) রাতে কুমিল্লা কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন নগরের ‘স্ম্যাশ স্কোয়াড’ গ্যাংয়ের জিসান (১৯), চৌদ্দগ্রামের ‘১২০৭’ গ্যাংয়ের মো. তারেক হোসেন সৈকত (১৯), মো. জাফর আহমদ (২৩) ও সাইফুল ইসলাম (২০) ও মনোহরগঞ্জের ‘পিএক্স টেন’ গ্যাংয়ের মো. শাকিব (১৭)।

পুলিশের ভাষ্য, প্রাথমিক অনুসন্ধানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, মারামারি ও জনমনে আতঙ্ক সৃষ্টির সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট থানা-পুলিশ নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কুমিল্লা জেলা পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমানো, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনমনে স্বস্তি ফেরাতে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে। পুলিশ সুপার মো. আনিসুজ্জামান  নির্দেশনায় জেলার বিভিন্ন ইউনিট এসব অভিযান পরিচালনা করছে।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, ‘ধারাবাহিক অভিযানের ফলে কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তৎপরতা কমে আসছে। এতে সাধারণ মানুষের মধ্যেও স্বস্তি ফিরেছে। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট কলেজের নবীন বরণ অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগও রয়েছে গ্রেপ্তার তারেক হোসেন সৈকতের বিরুদ্ধে বলেন এই পুলিশ কর্মকর্তা। 

তিনি বলেন, ‘সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজকে অপরাধমুক্ত রাখতে কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এসব ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।’