ফেনীতে সাংবাদিকের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’ মামলা

ফেনীতে দুই লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর অপপ্রচারের অভিযোগে এনটিভি অনলাইনের ফেনী সদর সংবাদদাতা জাহিদুল আলম রাজনের (৩০) নামে মামলা করেছেন দেলোয়ার হোসেন (৩১) নামে এক ব্যক্তি। তবে অভিযুক্ত সাংবাদিক বলেছেন, তার বিরুদ্ধে দায়েকৃত মামলাটি মিথ্যা।

গত ৩০ সেপ্টেম্বর ফেনী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা অভিযোগে চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি ও সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ আনা হয়েছে। মামলার অভিযোগপত্র

সূত্রে জানা যায়, বাদী দেলোয়ার হোসেন ফেনী সদর উপজেলার দক্ষিণ লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা। ফেনী জেলা ছাত্রদলের সদস্য ও সদর ছাত্রদলের সদ্য সাবেক আহবায়ক। অভিযুক্ত জাহিদুল আলম রাজন একই উপজেলার পাচগাছিয়া ইউনিয়নের ইলাশপুর এলাকার বাসিন্দা।

অভিযোগে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে বাদীর সঙ্গে বিভিন্ন বিষয়ে বিরোধে জড়িয়ে আসছেন। এর জেরে বাদীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন তিনি। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে বাদীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।

এ ছাড়া অভিযুক্ত ব্যক্তি নিজের ফেসবুক আইডি এবং বিভিন্ন ফেসবুক পেজ থেকে বাদীর বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচার করে আসছেন । এসব অপপ্রচারের মাধ্যমে বাদীর সামাজিক ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ করার চেষ্টা করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৬ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে এবং ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৃথক ঘটনায় বাদীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দ্বিতীয় ঘটনাটি ফেনী বড় মসজিদের দক্ষিণ পাশে ঘটে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় বাদী নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে আদালতের দ্বারস্থ হন।

এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত জাহিদুল আলম রাজন জানান, ‘আমার বিরুদ্ধে দায়ের করা মামলাটি একটি মিথ্যা ও বানোয়াট মামলা। আমি মনে করি, একটি কল রেকর্ড প্রকাশের ঘটনাকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। তবে মামলার প্রকৃত অভিযোগ ও সংশ্লিষ্ট তথ্য যথাযথভাবে যাচাই করা হোক এবং আইনানুগ প্রক্রিয়ায় সত্য উদ্‌ঘাটিত হোক—এটাই আমার প্রত্যাশা।’