ইমরান খানের প্রতি পাকিস্তান সরকারের আচরণকে ‘মর্মান্তিক’ বললেন রবি শাস্ত্রি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের ওপর কারাবন্দী অবস্থায় চলা আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভারতের সাবেক অলরাউন্ডার ও সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রি। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দী ইমরানের শারীরিক অবস্থা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন।

ভারতের এক টিভিকে দেয়া সাক্ষাৎকারে রবি শাস্ত্রি বলেন, "আমি রাজনীতিবিদ নই। তবে আজ তার সঙ্গে যেভাবে আচরণ করা হচ্ছে, তা দেখা খুবই মর্মান্তিক। কোনো মানুষের সঙ্গে এমন আচরণ করা যায় না। মানবিক দিক থেকে বিবেচনা করলে, তার সঙ্গে যা ঘটছে, তা তার প্রাপ্য নয়। আমি শুধু একা নই, বিশ্বজুড়ে অনেক ক্রিকেটারই আমার এই সুরেই কথা বলবেন।"

তিনি আরও বলেন, "আমি শুধু আশা করি তিনি যেন ভালো থাকেন এবং তার স্বাস্থ্য ভালো থাকে। কারণ ক্রিকেট খেলাটাকে তিনি অসাধারণ অনেক কিছু দিয়েছেন। অধিনায়ক হিসেবে একজন দলনেতা হিসেবে তার স্মৃতি আমার কাছে সেরা। কীভাবে তরুণ খেলোয়াড়দের উদ্বুদ্ধ করে সামনে এগিয়ে নিতে হয়, তা তিনি জানতেন। ৪০ বছর বয়সে এসে একটি তরুণ দল নিয়ে তিনি দলকে বিশ্বকাপ জিতিয়েছিলেন।"

ইমরান খান কারাগার থেকে মুক্ত হবেন কি না—এমন প্রশ্নে শাস্ত্রি বলেন, "আশা করি তিনি বের হয়ে আসবেন এবং তার সঙ্গে আরও ভালো আচরণ করা হবে। দীর্ঘদিন ধরে তিনি সেখানে আছেন। রাজনীতি আমি বুঝি না, কিন্তু একজন বিশ্বমঞ্চে চেনা মানুষকে এভাবে কারাগারে আটকে রাখা মানায় না।"

পাকিস্তানের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খন ২০২৩ সাল থেকে কারাগারে বন্দী। সম্প্রতি বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ পায়, প্রয়োজনীয় চিকিৎসার অভাবে তার ডান চোখের দৃষ্টিশক্তি প্রায় ৮৫ শতাংশ হ্রাস পেয়েছে এবং তাকে উপযুক্ত স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে না। কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটের ২১ জন সাবেক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে ইমরান খানের উন্নত চিকিৎসার জন্য চিঠি পাঠালেও তাতে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। এছাড়া ব্রায়ান লারাসহ বিশ্বের একাধিক ক্রিকেট কিংবদন্তি ইমরানের প্রতি মানবিক আচরণের আবেদন জানিয়েছেন।