জামিন পেলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার নিউ গিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটার সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে করা মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে সোমবার (৫ অক্টোবর) তাঁকে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুনানি শেষে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত দুই হাজার টাকা মুচলেকায় এই জামিন মঞ্জুর করেন। প্রসিকিউশন বিভাগের এসআই তারেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক জেহাদ হোসেন আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষে ঢাকার বারের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খান জামিনের আবেদন জানান। এর আগে গত ৩০ সেপ্টেম্বর সেগুনবাগিচার এক বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে এবং ১ অক্টোবর আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৬ সেপ্টেম্বর রাতে ক্যান্টনমেন্টের দক্ষিণ মানিকদী এলাকায় নিউ গিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় প্রকল্প এলাকায় অবস্থিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিও ভাঙচুর করা হয়। এ ঘটনায় কোম্পানির পরিচালক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং ১৫০-২০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন।

পুলিশ জানায়, মূল সংকটের কারণ যাতায়াতের রাস্তা সংক্রান্ত বিরোধ। নিউ গিনি প্রকল্পের লাগোয়া ৩৫ কাঠা জমিতে আসামি মহিউদ্দিনসহ কয়েকজন পৃথক আবাসন প্রকল্প গড়ে তোলার চেষ্টা করছিলেন। তবে সেই জমিতে প্রবেশের সুনির্দিষ্ট রাস্তা না থাকায় নিউ গিনির ভেতরের সড়ক ব্যবহারের চেষ্টা থেকেই বিরোধের সৃষ্টি হয়। পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও সচিবালয়ে ব্রিফিংকালে দুই পক্ষের জমি ও যাতায়াত পথ কেন্দ্রিক দীর্ঘদিনের মালিকানা বিরোধের তথ্য নিশ্চিত করেন।