কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমানার বাংলাদেশ অংশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গরু চোরাচালানের সময় তাদের আটক করে এই গুলি চালানো হয় বলে জানা গেছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রবিবার (৪ অক্টোবর) মধ্যরাতে দইখাওয়া সীমান্তে তাদের গুলিবিদ্ধ অবস্থায় ফেলে রাখা হলে বাংলাদেশি সহযোগীরা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে পুলিশের হেফাজতে তাদের চিকিৎসা চলছে।
আহত দুই ব্যক্তি হলেন- ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মাইনকার চর জেলার সুখচর থানা এলাকার আব্দুল আলীম ও ইসমাইল হোসেন। আব্দুল আলীম ওই এলাকার আব্দুল মজিদ মন্ডলের ছেলে এবং ইসমাইল হোসেন মৃত আব্দুল করিম শেখের ছেলে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুজনের শরীরেই গুলির চিহ্ন রয়েছে এবং আব্দুল আলীমের অবস্থা আশঙ্কাজনক।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, আহতদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রহণ করবে।
তবে কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মাহাবুব উল হক জানান, সীমান্তে গুলির কোনো ঘটনা ঘটেনি।