অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও তার ছেলে আসিবুর রহমানকে গ্রেপ্তার দেখিয়েছেন এবং ১৫ অক্টোবর জামিন শুনানির দিন ধার্য করেছে আদালত।
গত ৭ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মাহাথীর মুহাম্মদ সামী তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য সোমবার (৫ অক্টোবর) দিন ধার্য করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবীর এ আদেশ দেন।
২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ঢাকার ধানমন্ডি এলাকা থেকে শাজাহান খানকে ডিবি পুলিশ ও ২৬ সেপ্টেম্বর ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় তার ছেলে আসিবুরকে। এরপর তাদের জুলাই আন্দোলনের বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয় আইন শৃঙ্খলা বিভিন্ন সংস্থা।শুনানি শেষে আদালত থেকে নামানোর সময় শাজাহান খান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,'তোমারে দেখিবে যে, মনের কথা বলিবে সে।' এনসিপি ও জামায়াতে ইসলামীকে নিয়ে তিনি বলেন, 'এনসিপি জামায়াতে ইসলামীর সঙ্গে মিশে গিয়ে জামায়াতে ইসলামী হয়ে গেছে।'
২০২৫ সালের ২ ফেব্রুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ কমিশনের উপপরিচালক কমলেশ মন্ডল বাদী হয়ে এ মামলাটি করেন। মামলার অভিযোগ বলা হয়েছে, আসামি আসিবুর রহমান আয়করদাতা হওয়ার পরও তার নামে মোট ১১ কোটি ৭৯ লাখ ৫ হাজার ২৪৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের সন্ধান পাওয়া যায়। তবে অনুসন্ধানে তার গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া গেছে ১ কোটি ৮৯ লাখ ৯৯ হাজার ১৮৩ টাকা। ফলে তার নামে ৯ কোটি ৮৯ লাখ ৫ হাজার ৬৮৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করা হয়েছে। একইসাথে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সংসদ সদস্য ও মন্ত্রীর দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অসদুপায়ে অর্জিত অর্থ দিয়ে তার সন্তান আসিবুর রহমানের নামে এসব স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনে সহায়তা করেছেন।