বিশ্ব শিক্ষক দিবসে সিলেট বিভাগের সেরা শিক্ষক লতিফা নিলুফার সংবর্ধিত

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা ও সিলেট বিভাগীয় পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাটাগরিতে ‘গুণী শিক্ষক’ নির্বাচিত লতিফা নিলুফার পাপড়িসহ জেলার অন্যান্য শ্রেষ্ঠ শিক্ষকদের সংবর্ধনা প্রদান করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন।

সোমবার ( ৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জেলা শহরের এম সাইফুর রহমান অডিটরিয়ামে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মৌলভীবাজার শহর প্রদক্ষিণ করে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান। এ ছাড়া বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, অধ্যক্ষ প্রফেসর মো. মনসুর আলমগীর এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আনিসুর রহমান।

অনুষ্ঠানে জেলা পর্যায় ছাড়াও উপজেলা পর্যায়ে নির্বাচিত গুণী শিক্ষকদের সম্মানিত করা হয়। জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসক যৌথভাবে গুণী শিক্ষকদের হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন।

সংবর্ধনা গ্রহণ শেষে এক প্রতিক্রিয়ায় সিলেট বিভাগের শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি বলেন, ‘সম্মান মানুষকে শুধু আনন্দ দেয় না, তার দায়িত্বও আরও বাড়িয়ে দেয়। আজকের এই ভালোবাসা আমাকে নতুন করে মনে করিয়ে দিল— সততা, নিষ্ঠা ও দায়িত্ব নিয়ে কাজ করে যাওয়াই একজন শিক্ষকের সবচেয়ে বড় পরিচয়। যারা আজ আমাকে এতটা ভালোবাসা ও সম্মান দিয়েছেন, তাদের প্রতি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা।’