পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশুর

রান্নার কাজে ব্যস্ত ছিলেন মা। এ সময় বাড়ির পাশে খেলছিল দুই বছরের শিশু আরিফা সুলতানা। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে বাড়ির সামনের পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ টেটেশ্বর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আরিফা সুলতানা ওই গ্রামের মুহাম্মদ পলাশের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আরিফার মা পরিবারের জন্য রান্নার কাজে ব্যস্ত ছিলেন। অন্যদিকে আরিফা বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে বাড়ির সামনের পুকুরে আরিফাকে দেখতে পান স্বজনরা। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হাসান ভূঁইয়া শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আরিফার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার আসর নামাজের পর দক্ষিণ টেটেশ্বর তালিমুল কোরআন মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।