চলছে সিস্টেম আপগ্রেডের কাজ, ৩০ ব্যাংকের বিভিন্ন সেবা বন্ধ

প্রযুক্তিগত সক্ষমতা ও নিরাপত্তা বাড়াতে সিস্টেম আপগ্রেড এবং রক্ষণাবেক্ষণের কাজ করছে আইটিসি তালিকাভুক্ত ৩০টি ব্যাংক। এর অংশ হিসেবে গত ৪ অক্টোবর রাত ৯টা থেকে আগামী ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য এসব ব্যাংকের কার্ড, এটিএম ও পিওএসসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে সেবা বন্ধের আগে গ্রাহকদের যথাযথভাবে অবহিত না করায় হঠাৎ ভোগান্তিতে পড়েছেন অনেক গ্রাহক।

বাংলাদেশ ব্যাংক বলছে, ‘কিউক্যাশ’ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে এসব সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে ৩০টি ব্যাংক একযোগে সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংককে আগে জানানো হয়নি। ব্যাংকগুলো নিজেদের সিদ্ধান্তে এ কার্যক্রম নিয়েছে। বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান দেশ রূপান্তরকে বলেন, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ‘কিউক্যাশ’ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কাজ চলছে। এ কারণে আইটিসি তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের কিছু সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে অবহিত করা হয়নি। ব্যাংকগুলো একযোগে সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিজেরাই নিয়েছে।

তিনি বলেন, গ্রাহকদের সেবা বন্ধ রাখার বিষয়েও সংশ্লিষ্ট ব্যাংকগুলো আগে কোনো বিজ্ঞপ্তি বা পূর্বঘোষণা দেয়নি। ফলে হঠাৎ করে কয়েকটি সেবা বন্ধ হয়ে যাওয়ায় গ্রাহকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। আরিফ হোসেন খান বলেন, বিষয়টি বাংলাদেশ ব্যাংকের গভর্নরও ভালোভাবে নেননি। এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ব্যাংকগুলোর পক্ষ থেকে এককভাবে নেওয়াকে তিনি গর্হিত হিসেবে দেখছেন। এ ঘটনায় গভর্নর ক্ষুব্ধ হয়েছেন।

এদিকে গত ৪ অক্টোবর থেকে কয়েকটি ব্যাংক গ্রাহকদের খুদে বার্তার মাধ্যমে সেবা বন্ধের বিষয়টি জানায়। এতে বলা হয়, ‘কিউক্যাশ’ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত ব্যাংকের কয়েকটি কার্ড ও লেনদেন সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময় ‘কিউক্যাশ’ নেটওয়ার্কের আওতাভুক্ত এটিএম, ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) এবং পয়েন্ট অব সেল (পিওএস) সেবাও ব্যবহার করা যাবে না। তবে ডেবিট কার্ডের লেনদেন স্বাভাবিক থাকবে। পাশাপাশি অন্যান্য ব্যাংকের এটিএম ও পিওএস, বাংলা কিউআর এবং মোবাইল আর্থিক সেভার মাধ্যমে ট্যাপ, বিকাশ, নগদ ও উপায়ে অর্থ স্থানান্তর চালু থাকবে বলে গ্রাহকদের জানানো হয়েছে।

সেবা বন্ধ থাকা ব্যাংকগুলোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিস্টেম আপগ্রেড বা নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় ব্যাংকিং সেবা সাময়িকভাবে সীমিত রাখা নতুন কোনো বিষয় নয়। প্রযুক্তিগত অবকাঠামোর ধরন ও কাজের পরিধি অনুযায়ী কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত কিছু সেবা বন্ধ থাকতে পারে। তবে এ ধরনের কার্যক্রমের আগে গ্রাহকদের যথাযথভাবে জানানো প্রয়োজন।

রাজধানীর একটি এটিএম বুথে টাকা তুলতে গিয়ে ভোগান্তিতে পড়েন পুলিশ সদস্য মো. রিপন। মাসের প্রথম সপ্তাহে বাসা ভাড়া, বাজার ও ওষুধ কেনার জন্য কমিউনিটি ব্যাংকের এটিএম বুথে টাকা তুলতে যান তিনি। কিন্তু বুথের সামনে সেবা বন্ধের নোটিশ দেখে হতভম্ব হয়ে যান।

মো. রিপন বলেন, ‘বেতনের টাকা তুলে সংসার চলে আমার। হঠাৎ করে এটিএম সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে। আগে থেকে জানা থাকলে হয়তো অন্যভাবে টাকা তোলার ব্যবস্থা করতাম।’

ব্যাংক কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে সিস্টেম আপগ্রেডের কাজ শেষ হলে ব্যাংকিং সেবাগুলো স্বাভাবিক নিয়মে চালু হবে। এ সময়ে জরুরি লেনদেনের প্রয়োজন হলে গ্রাহকদের বিকল্প সেবা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।