বাড়িতে ইয়াবা রাখার অভিযোগে নারী আটক

ফরিদপুরের বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযানে তিন হাজার ইয়াবা ট্যাবলেটসহ সোনালী বেগম (৪২) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও বোয়ালমারী থানা-পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) উপজেলার শেখর ইউনিয়নের মাগুরা গ্রামে অভিযান চালিয়ে মাদকসহ তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

সোনালী বেগম বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার সীমান্তঘেঁষা শেখর ইউনিয়নের মাগুরা গ্রামের মোহাম্মদ মোল্লার স্ত্রী।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে সোনালী বেগমের বাড়িতে অভিযান চালান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির সদস্যরা। এ সময় একটি ব্যাগ হাতে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার হাতে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে তিন হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিএনসি সূত্রের দাবি, সোনালী বেগমের বিরুদ্ধে স্থানীয়ভাবে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ঘটনায় ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. রাসেল কবীর বাদী হয়ে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(খ) ধারায় মামলা করেছেন। মামলা নম্বর-৪।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি ও থানা-পুলিশের যৌথ অভিযানে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সোনালী বেগমকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। বিকেলে আসামিকে ফরিদপুরের বিজ্ঞ বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।