দক্ষিণ কেরানীগঞ্জে গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকায় একটি ভাড়া বাড়ির টিনশেডের চালের ওপর গ্রেনেডসদৃশ একটি বস্তু পাওয়া গেছে। সোমবার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় লোকজন বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

পুলিশ সূত্রে জানা যায়, হাসনাবাদ হাউজিংয়ের ব্লক-এ, রোড নম্বর ৮-এ মো. সিদ্দিকুর রহমানের মালিকানাধীন একটি ভাড়া বাড়ির টিনশেডের চালের ওপর বস্তুটি দেখতে পান স্থানীয় লোকজন।

খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়িটির ভাড়াটিয়াদের নিরাপদে সরিয়ে নেয়। পরে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন জানান, বস্তুটি পরীক্ষা ও নিষ্ক্রিয় করার জন্য বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

তবে পাওয়া বস্তুটি প্রকৃতপক্ষে গ্রেনেড কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।