পাকিস্তানের নতুন টি২০ অধিনায়ক; বাবরসহ সাবেক তিন নেতা বাদ

পাকিস্তানের টি-টোয়েন্টি দলে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্রিকেটের কুড়ি ওভারের সংস্করণে নতুন অধিনায়ক হিসেবে ওপেনিং ব্যাটার সাহিবজাদা ফারহানের নাম ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে অধিনায়কত্ব হারিয়েছেন আগা সালমান এবং তিনি শ্রীলঙ্কা সিরিজের টি-টোয়েন্টি দল থেকেও বাদ পড়েছেন।

এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা ব্যর্থতার পর পিসিবি এই সিদ্ধান্ত নিল। শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য সোমবার পিসিবির ঘোষিত দল থেকে বাদ দেওয়া হয়েছে আগা সালমানকে।

টি-টোয়েন্টি দল থেকে আগা সালমান ছাড়াও বাদ পড়েছেন বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ। তবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দলে রাখা হয়েছে এই তারকা ত্রয়ীকে। টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়লেও ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক হিসেবে থাকছেন পেসার শাহীন শাহ আফ্রিদি। এছাড়া এশিয়ান গেমসের ফাইনালে ভারতের বিপক্ষে উইকেটের পেছনে বাজে পারফরম্যান্সের কারণে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক-ব্যাটার উসমান খান।

সম্প্রতি এশিয়ান গেমসে পাকিস্তানকে ফাইনালে তুলেছিলেন সাহিবজাদা ফারহান, যদিও সেখানে ভারতের কাছে হেরে রৌপ্য পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের। অন্যদিকে, ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে ৯টি ছক্কা হাঁকিয়ে নায়ক বনে যাওয়া পেসার রেজাউল্লাহ প্রথমবারের মতো সীমিত ওভারের জাতীয় দলে ডাক পেয়েছেন।

পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ৯, ১১ ও ১৩ অক্টোবর
টি-টোয়েন্টি সিরিজ শেষে ১৮ অক্টোবর থেকে ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে সাত ম্যাচের ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে পাকিস্তান। টুর্নামেন্টের প্রথম তিনটি ম্যাচ রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হওয়ার পর বাকি ম্যাচগুলো ও ফাইনাল খেলা হবে লাহোরে।

পাকিস্তানের ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল

সাহিবজাদা ফারহান (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, হাসান নওয়াজ, খাজা নাফে (উইকেটরক্ষক), মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, মুহাম্মদ ইমরান রানধাওয়া, নাসিম শাহ, রেজাউল্লাহ, সাইম আইয়ুব, শাদাব খান ও সুফিয়ান মুকিম।

পাকিস্তানের ১৬ সদস্যের ওয়ানডে দল

শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, সালমান আলী আগা, আরাফাত মিনহাস, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), হারিস রউফ, হাসান নওয়াজ, নাসিম শাহ, রেজাউল্লাহ, সাদ বেগ (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, শাদাব খান ও সুফিয়ান মুকিম।