রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
সোমবার (৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসক বলেছে, সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণের সময় সাংবাদিকদের ওপর হামলা তাদের পেশাগত কাজে বাধা এবং পরবর্তীতে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। আসক মনে করে সাংবাদিকরা জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সংবাদ সংগ্রহ ও প্রকাশের কাজে সাংবাদিকদের বাধা দেওয়া, তাদের ওপর হামলা বা ভয়ভীতি প্রদর্শন শুধু তাদের ব্যক্তিগত নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলে না বরং স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীন পরিবেশকেও ক্ষতিগ্রস্ত করে। কোনো ঘটনা সম্পর্কে সংবাদ সংগ্রহ বা তথ্য প্রকাশের কারণে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
হামলায় আহত সাংবাদিক ও শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানিয়েছে সংগঠনটি।
রবিবার (৪ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীদের ওপর এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে, যাতে অন্তত চারজন সাংবাদিকসহ ১০ জন আহত হন।