লাইসেন্স ছাড়া অবৈধভাবে সার মজুদের দায়ে চট্টগ্রামের বাকলিয়া থানার নতুন চাক্তাই এলাকায় ৮টি গোডাউনে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে ১ হাজার ৮০০ বস্তা টিএসপি, এমওপি ও ডিএপি সার জব্দ করা হয়েছে। একই সঙ্গে দুই ব্যবসায়ীকে মোট ৬ লাখ টাকা জরিমানা ও একজনকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভেড়ামার্কেট ও নতুন চাক্তাই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সার্বিক দিকনির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, গোডাউনগুলোতে তল্লাশি চালিয়ে কোনো ধরনের বৈধ লাইসেন্স ও কাগজপত্র ছাড়া অবৈধভাবে মজুদ করে রাখা ১ হাজার ৮০০ বস্তা সার জব্দ করা হয়। জব্দ করা সার প্রচলিত আইন ও বিধি অনুযায়ী পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়ার জন্য পাঁচলাইশ মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা এবং বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) যৌথ জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানকালে মোবাইল কোর্ট এক ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা করেন এবং তা তাৎক্ষণিকভাবে নগদ আদায় করা হয়। অন্যদিকে, একই অপরাধে অপর ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা এবং ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ব্যবসায়ীর জরিমানার টাকাও নগদ আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. সাকিব উল আলম বলেন, ‘কৃত্রিম সংকট তৈরি বা অবৈধভাবে সার মজুদের মাধ্যমে কৃষকদের ভোগান্তিতে ফেলার চেষ্টা করা হলে কোনো ছাড় না দেওয়ার কঠোর নির্দেশনা রয়েছে জেলা প্রশাসক স্যারের। কৃত্রিম সংকট রোধে এবং সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে জনস্বার্থে জেলা প্রশাসনের এ কঠোর তদারকি অব্যাহত থাকবে।’