প্রেক্ষাগৃহে সিনেমা দেখার আনন্দ মুহূর্তেই রূপ নিল এক গভীর আবেগঘন অভিজ্ঞতায়। ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ চলাকালে শেষ ভাগে (অ্যান্ড ক্রেডিট) বড় পর্দায় পরিচালক-স্বামী অভিষেক পাঠকের কাছ থেকে নিজের নাম ও বিশেষ ধন্যবাদ বার্তা দেখে চোখের জল ধরে রাখতে পারেননি বলিউড অভিনেত্রী শিবালিকা ওবেরয়। কঠিন দিনগুলোতে পাশে থাকার জন্য স্ত্রীর প্রতি নির্মাতার এমন অকৃত্রিম কৃতজ্ঞতা প্রকাশ দর্শকসারিতে বসেই অশ্রুসিক্ত করে তোলে তাকে।
সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে প্রেক্ষাগৃহের সেই স্মরণীয় মুহূর্তের একটি ভিডিও শেয়ার করে শিবালিকা তার অনুভূতি প্রকাশ করেন। তিনি লেখেন, ‘বড় পর্দায় বার্তার এ অংশটুকু ভেসে উঠতেই আমার চোখে জল চলে আসে। পরিচিতদের বার্তা দেখে বুঝতে পারছি, বিষয়টি শুধু আমার মনকেই ছোঁয়নি, অনেকের কাছেই এটি ভীষণ বিশেষ মনে হয়েছে।’ খবর এনডিটিভি।
ছবি নির্মাণের কঠিন দিনগুলোর কথা স্মৃতিচারণ করে তিনি আরও লেখেন, ‘এই পথচলার শুরুতে কত যে চড়াই-উতরাই আমাদের সইতে হয়েছে! কিছু কঠিন দিন, সাময়িক বিচ্ছেদ আর ত্যাগের পরীক্ষা দিতে হয়েছে আমাদের। তবে শত প্রতিকূলতার মধ্যেও তোমার সৃষ্টিশীলতা ও দূরদর্শিতার ওপর আমার বিশ্বাস বিন্দুমাত্র চির ধরেনি।’
স্বামীর অর্জনে গর্ব প্রকাশ করে এবং কন্যা আরিকার প্রসঙ্গ টেনে শিবালিকা যোগ করেন, “আজ বিশ্বজুড়ে তোমার কাজকে সম্মান জানাতে দেখে সব কষ্ট এক নিমেষে অর্থপূর্ণ হয়ে উঠেছে। একদিন আমাদের কন্যা আরিকা যখন জানবে তার বাবা ‘দৃশ্যম’-এর মতো চলচ্চিত্রের কারিগর, সে কতটা গর্ববোধ করবে! এমন একজন মানুষের জীবনসঙ্গী হতে পেরে আমি আনন্দিত।”