সমালোচনা করা সহজ যন্ত্রণা বোঝা কঠিন : কৌশানী

সমালোচনা কিংবা ট্রোলিং নিয়ে আর একেবারেই মাথা ঘামাতে চান না টলিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি। ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে নানা নেতিবাচক মন্তব্য সহ্য করলেও বর্তমানে অভিনয়ের দক্ষতা দিয়ে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যারিয়ার, ট্রোলিং, বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্ক এবং নিজের আসন্ন কাজ নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

কৌশানীর মতে, বাইরে থেকে সমালোচনা করা সহজ হলেও একজন শিল্পীর লড়াই ও যন্ত্রণার গভীরতা উপলব্ধি করা কঠিন। অতীতে বাণিজ্যিক সিনেমায় নারীদের শুধু গ্ল্যামার ও সীমিত সংলাপে আটকে রাখা হলেও এখন পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। ভালো চরিত্র পেয়ে নিজেকে প্রমাণের সুযোগ পাওয়ার পরই তিনি সমালোচকদের ভুল প্রমাণ করেছেন।

বর্তমানে ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ ছবির জনপ্রিয় চরিত্র ‘ঝিমলি’ রূপে ফিরতে পুরোদমে প্রস্তুত কৌশানী। চরিত্রটি নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে ভাষার পাশাপাশি প্রতিদিন প্রায় চার ঘণ্টা মেকআপ দেওয়া ও তোলার জন্য দিতে হতো তাকে।

ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে কৌশানী জানান, বনি সেনগুপ্তের সঙ্গে তার সম্পর্কের ভিত্তি অত্যন্ত মজবুত। ক্যারিয়ারের প্রতিটি উত্থান-পতনের সাথী বনির সাফল্যে তিনি আনন্দিত। পাশাপাশি ২০২৪ সালে বাবা-মাকে একটি নতুন বাড়ি উপহার দেওয়াকে নিজের জীবনের অন্যতম বড় অর্জন বলে মনে করেন এই তারকা।