রোনালদোকে ছাড়াই ‘পারফেক্ট’ পর্তুগাল

নেশনস লিগে ক্রিশ্চিয়ানো রোনালদো ওয়েলস ম্যাচের পর আর খেলেননি। আর তিন ম্যাচেই গোল করলেন রোনালদোর জায়গায় খেলতে নামা গনসালো রামোস। আগের তিনটি ম্যাচই জেতা পর্তুগাল রবিবার প্রথমবারের মতো পয়েন্ট হারানোর শঙ্কায় ছিল ৭৮ মিনিট পর্যন্ত। পরের মিনিটে ভিতিনিয়ার বক্সে বাড়ানো বল জোয়াও ফেলিক্স সামনে ফেললে আলতো টোকায় জয়সূচক গোলটি করেন রামোস। ‘পারফেক্ট’ পর্তুগালও চার ম্যাচের সব কটি জিতে উঠল নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে।

অথচ ম্যাচের আধা ঘণ্টা পেরিয়ে পর্তুগালই পিছিয়ে পড়েছিল। ৩৬ মিনিটে বক্সের ডান কোনার বাইরে থেকে ভলিতে চোখ ধাঁধানো গোল করেন নরওয়ে সেন্টার ব্যাক ক্রিস্টোফ আয়ার। দুই মিনিট পরই ভলির জবাব ভলিতেই দেন কানসেলো। থ্রো ইন থেকে বক্সে বল পেয়ে গোল করেন ডান পায়ের ভলিতে। তারপর ৭৮ মিনিটে রামোসের ওই গোল।

তবে ষোলো আনা আনন্দ পায়নি পর্তুগাল। ৮৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পর্তুগালের উইঙ্গার ফ্রান্সিসকো কনসেইসাও। পেনাল্টির আবেদনে ব্যর্থ হওয়ার পর দেখেন প্রথম হলুদ কার্ড। রেফারির সিদ্ধান্তের প্রতিক্রিয়া দেখানোয় কয়েক সেকেন্ডের মধ্যে দ্বিতীয় হলুদ কার্ড দেখে ছাড়েন মাঠ। যোগ করা সময় মিলিয়ে ম্যাচের বাকি ১০ মিনিটে পর্তুগাল ১০ জন নিয়ে খেললেও গোল পায়নি নরওয়ে।

গ্রুপ এ৪-এর শীর্ষে পর্তুগাল। ৪ ম্যাচে ১২ পয়েন্ট। একই গ্রুপে ওয়েলসের বিপক্ষে ১-০ গোলে জেতা ডেনমার্ক সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে। সমান  ৩ পয়েন্ট করে তৃতীয় ওয়েলস ও চতুর্থ নরওয়ের। নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে গ্রুপের প্রতিটি দল আরও দুটি করে ম্যাচ খেলবে। ওই দুই ম্যাচের জন্য রোনালদোকে দলে ফেরার আবেদন জানিয়েছেন বিতর্কিত কোচ জর্জ জেসুস, ‘সে যদি চায়, তবে জাতীয় দলে ফিরতে পারবে। পরবর্তী স্কোয়াড ঘোষণার আগে আমরা আলোচনা করতে পারি, তবে সিদ্ধান্ত নেওয়ার সর্বময় ক্ষমতা ক্রিস-এর (রোনালদো) নিজেরই।’

তিনি আরও যোগ করেন, ‘জাতীয় দলে নিজের অধ্যায়ের সমাপ্তি কীভাবে টানবেন, সেই সিদ্ধান্ত তাকেই নিতে হবে। প্রথমবার যখন স্কোয়াড ঘোষণা করি, তখনো তাকে বলেছিলাম তোমাকে আমার প্রয়োজন, তুমি স্কোয়াডে খেলো বা না খেলো, তোমাকে আমার পাশে চাই। এখনো আমার একই কথা।’

জার্মানিকে জিততে না দিয়ে দুইয়ে গ্রিস, শীর্ষে ডাচরা: অগসবুর্গে জার্মানি গোল পায়নি। উল্টো ঘরের মাঠে ১-০ গোলের হারে শিকার হতে হয় গ্রিক-ট্র্যাজেডির। থেসালোনিকিতে ফিরতি ম্যাচটা ছিল সেই ক্ষতমোচনের সুযোগ। জার্মানি যে চেষ্টা করেনি, তা নয়। ৭০ শতাংশ বল দখলে রেখে ২১টি শট নিয়েও গোল পায়নি। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য গ্রিক-ট্র্যাজেডি থেকে এটা কম কী!

গোলশূন্য ড্রয়ের এই ম্যাচে লাভটা হলো গ্রিসের। লিগ এ-র গ্রুপ টু পয়েন্ট তালিকায় জার্মানির ওপরে থেকে শেষ করল এবারের আন্তর্জাতিক বিরতি। ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তিনে ইয়ুর্গেন ক্লপের দল। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে অপরাজিত থাকা গ্রিস। তলানিতে থাকা সার্বিয়াকে ২-১ গোলে হারানো নেদারল্যান্ডস ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে।