চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৯ ইউনিয়ন পরিষদে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী পদে মনোনয়নকে ঘিরে বিএনপি’তে বিভক্তি দেখা যাচ্ছে। এতে ইউনিয়ন পর্যায়ে বিএনপি থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। অনেকে মনে করছেন নেতাদের মধ্যে ঐক্য না হলে বিএনপিতে বিদ্রোহী প্রার্থী হতে পারে। এতে নির্বাচনে জামায়াত প্রার্থী বিজয়ী হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।
গত ২৯ সেপ্টেম্বর বিএনপি’র চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক কমিটি উপজেলাভিত্তিক ৯ টি যাচাই-বাছাই কমিটি গঠন করেন। এ কমিটি ১০ দিনের মধ্যে যাচাই-বাছাই করে প্রত্যেক উপজেলা থেকে ইউপি চেয়ারম্যান পদে প্রার্থীদের তালিকা জেলায় প্রেরণ করবেন। লোহাগাড়া উপজেলায় ৬ সদস্যের যাচাই-বাছাই কমিটি গঠন করেন। এতে দক্ষিণ জেলা বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করে সদস্য হিসেবে আছেন যথাক্রমে বিএনপি থেকে পরাজিত স্থানীয় সাংসদ প্রার্থী নাজমুল মোস্তফা আমিন , দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য যথাক্রমে এস এম ছলিম উদ্দিন চৌধুরী খোকন , সাজ্জাদুর রহমান , সালাউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলু। উল্লেখ্য , ইতোমধ্যে এ যাাচাই-বাছাই কমিটির দুটি সভা অনুষ্ঠিত হলেও একটিতেও উপস্থিত ছিলেন না নাজমুল মোস্তফা আমিন ও তাঁর অনুসারীরা।
এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা বিএনপি’র সাবেক সদস্য আবুল হাসেম জানান , 'আমি বিএনপি’র পক্ষে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী। কিন্তু যাচাই-বাছাই কমিটি আমাকে ডাকেনি। একটি ইউনিয়ন থেকে যতজন প্রার্থী হবেন তাদেরকে নিয়ে বৈঠক করে একজনকে মনোনীত করলে তাহলে বিএনপি’র প্রার্থীর বিজয় হবে। তা না হলে প্রতিপক্ষ জামায়াত প্রার্থী বিজয়ী হবেন।' পদুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি থেকে নাসির উদ্দিন , আবু সাইদ টিটু , জসিম উদ্দিন , নুরুল আবছার , সাব্বির আহমদসহ একাধিক দলীয় মনোনয়ন প্রত্যাশী আছেন।
এ ব্যাপারে নাজমুল মোস্তফা আমিন বলেন ,'আমি বিভিন্ন রাজনৈতিক কাজে ব্যস্ততার কারনে লোহাগাড়া উপজেলা যাচাই-বাছাই কমিটিতে উপস্থিত থাকতে পারিনি। তবে যেহেতু লোহাগাড়া উপজেলায় কোন বিএনপি’র কোন কমিটি নেই সেহেতু দলীয় প্রার্থী মনোনয়ন দিলেও বিএনপি’র অন্য যে কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সুযোগে আছে। তাছাড়া ইউপি নির্বাচনে দলীয় কোন প্রতীক থাকবে না।'
এ ব্যাপারে যাচাই-বাছাই কমিটির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী বলেন , চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির নির্দেশনা মোতাবেক লোহাগাড়া উপজেলা যাচাই-বাছাই কমিটি কার্যক্রম পরিচালনা করছে। বিএনপি’র কেউ যদি দলীয় প্রার্থীর বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন তাহলে তাকে আজীবনের জন্য বিএনপি’তে কালো তালিকাভূক্ত করা হবে। তিনি কখনও বিএনপি’র কোন পদ-পদবী পাবেন না।