বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ২৩৪ স্কোর নিয়ে আজ শীর্ষে অবস্থানে করছে ঢাকা। এই মান নির্দেশ করছে আজ রাজধানীর বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের শহর কলকাতা, যার স্কোর ১৯৮।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে এ তথ্য দেখা যায়।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
সে হিসেবে বায়ুমান স্কোর ১৯১ নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। তালিকায় চতুর্থ স্থানে ১৮৬ স্কোর নিয়ে অবস্থান করছে ভারতের রাজধানী দিল্লি। তালিকায় পঞ্চম স্থানে ১৬২ স্কোর নিয়ে অবস্থান করছে ইন্দোনেশিয়ার রাজধানী জার্কাতা।