দেশের শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের শিক্ষায় সীমাবদ্ধ না থেকে খেলাধুলা ও নৈতিক শিক্ষার মাধ্যমে নিজেদের মেধা বিকশিত করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে বেশি গুরুত্ব দিয়েছেন।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ৫৩তম আঞ্চলিক গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকতে হবে। প্রতিযোগিতায় জয় ও পরাজয় দুটোই আসবে, পরাজয়কে সহজভাবে গ্রহণ করে সেখান থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে সফল হওয়ার প্রস্তুতি নিতে হবে।

দেশের শিক্ষাব্যবস্থায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিয়ে শিক্ষামন্ত্রী জানান, ২০২৭ সাল থেকে চতুর্থ শ্রেণী থেকে কারিকুলামে খেলাধুলা , সংস্কৃতি , নৈতিক ও মানবিক মূল্যবোধ অন্তর্ভুক্ত করা হয়েছে। এর উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে আনন্দময় ও কারিগরি শিক্ষার বিস্তার ঘটানো এবং এমন এক নতুন প্রজন্ম গড়ে তোলা, যারা আগামী দিনে বাংলাদেশকে সমৃদ্ধির পথে নেতৃত্ব দেবে।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তোমাদের পাশে রয়েছে। তোমরা খেলাধুলার পাশাপাশি ভালোভাবে লেখাপড়া করবে। ভালো লেখাপড়া করে নিজকে তৈরি করে আগামী দিনের সম্ভাবনাময়ের বাংলাদেশ গড়বে। 

শিক্ষামন্ত্রী আরও বলেন, আমাদের দেশের বিশাল জনসংখ্যাকে সুশিক্ষিত ও দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করতে হবে। শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের পাশে রয়েছে এবং তাদের ক্রীড়া নৈপুণ্য ও সুপ্ত প্রতিভার বিকাশে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে।

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কুমিল্লা শিক্ষা বোর্ড প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যপাত্র মাহদী আমিন, হুইপ জাতীয় সংসদের হুইপ এ. বি. এম. আশরাফ উদ্দিন (নিজান)। 

অনুষ্ঠানে আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মদ শাহাদাত হোসাইন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মো. আকাস আলী,  কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মো. শাহাওয়াত হোসেন খান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আবুল কালাম আজাদ, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী, রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গিয়াস উদ্দিন আরা চৌধুরী, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শফিকুল ইসলাম,

সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শহিদুল আলম, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. জ. ম. রেজাউল করিম খান, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদ্বাতুল বারী আবু, জেলা পরিষদ প্রশাসক মো. মোস্তাক মিয়া, ওয়াসা বোর্ডের চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা প্রশাসক রোজী আক্তার, এবং পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম-সেবা) সহ জেলা পর্যায়ের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শিক্ষা বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বক্তব্য শেষে শিক্ষামন্ত্রী ৫৩তম আঞ্চলিক গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ।